২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীর ঘাটে ভেসে এল যুবকের পা বাঁধা লাশ

পুলিশের ধারণা, খুন করে লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে।

কর্ণফুলীর ঘাটে ভেসে এল যুবকের পা বাঁধা লাশ

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2022, 09:29 PM

Updated : 04 Oct 2022, 09:29 PM

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এক যুবকের পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার বিকালে ব্রিজঘাটের ২ নম্বর মুরিং বয়ার (জাহাজ বাঁধার স্থান) কাছ থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয় বলে সদরঘাট নৌ পুলিশের ওসি একরাম উল্লাহ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জোয়ারের পানিতে ভেসে এসে লাশটি মুরিং বয়ার সাথে আটকে যায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

“আনুমানিক ৩৫ বছর বয়েসী ওই যুবকের পা ছিল বাঁধা । পরনে ছিল জিন্স আর টি শার্ট।”

ওসি বলেন, “পা বাঁধা থাকায় আমরা ধারণা করছি খুন করে লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে। তাই পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি তদন্ত করা প্রয়োজন।”

শরীর পচে যাওয়ায় ওই যুবকের আঙ্গুলের ছাপ সংগ্রহ করতে পারেনি পুলিশ। তবে পরিচয় শনাক্তের জন্য ডিএন নমুনা সংগ্রহ করে রাখা হবে বলে জানান ওসি।