বসন্ত, ভালোবাসা আর পূজা- উৎসবের আমেজ চট্টগ্রামে
বুধবার সকাল এসেছিল যেন উৎসবের সূর্য নিয়ে। ভোর হওয়ার পর থেকেই নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন।
বসন্ত উৎসব, ভালোবাসার দিন আর বিদ্যাদেবীর আরাধনা- এই তিনে মিলে বুধবার নগরী জুড়ে ছিল উৎসবের আমেজ।
বুধবার সকাল এসেছিল যেন উৎসবের সূর্য নিয়ে। ভোর হওয়ার পর থেকেই নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন।
নগরীর চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এবার বাণী অচর্নার আয়োজন করা হয়েছে।
নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার অঞ্জলি শেষে শিক্ষার্থীরা জড়ো হন নগরীর জে এম সেন হল প্রাঙ্গনে। সেখানে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কয়েকটি কলেজ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মণ্ডপ ছিল এখানেই।
অন্যদিকে সকালে নগরীর লালদীঘি মাঠে 'বসন্ত উৎসব ১৪৩০' আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ।
'নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে' শিরোনামে উৎসবের আয়োজন শুরু হয় আবৃত্তিশিল্পী শিমুল নন্দীর একক আবৃত্তি এবং বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক রোজী মজুমদার সেনের সেতার বাদনের মাধ্যমে।
বিকেল ৩ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বৈকালিক অধিবেশন শুরু হয়৷
উৎসবের বৈকালিক আয়োজনে আলোচনা পর্বে প্রধান অতিথি নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, "বসন্ত উৎসব বাঙালির প্রানের সঞ্চার ঘটায়, বোধন আয়োজিত এই উৎসব বাংলাদেশের ঐতিহ্যকে মেলে ধরেছে এবং আমাদের সংস্কৃতিকে সুদূর প্রসারী করেছে। বিশ্বজনীন রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য এই ধরনের কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করছে।"
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকে ভূষিত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কাউন্সিলর জহর লাল হাজারী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড'র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সনজয় দাশ, সমাজকর্মী ও রাজনীতিবিদ শফিউল আজম চৌধুরী বাহার।
সাংস্কৃতিক পর্বে দলীয় নৃত্য পরিবেশনায় ছিল সুরাঙন বিদ্যাপীঠ, দি স্কুল অফ ক্লাসিক্যাল এন্ড ফোক ডান্স, প্রীতিলতা সাংস্কৃতিক অঙ্গন, নৃত্যনন্দন, নৃত্য নিকেতন, কৃত্তিকা নৃত্যালয়, স্কুল অফ ওরিয়েন্টাল ডান্স, ওডিসি এন্ড ট্যাগর ডান্স মুভমেন্ট সেন্টার, আলোড়ন ডান্স একাডেমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমি।
দলীয় সংগীত পরিবেশনায় ছিল কালচারাল পার্ক, সঙ্গীত ভবন, অদিতি সঙ্গীত নিকেতন। একক সংগীত পরিবেশন করেছেন স্বপ্নীল বড়ুয়া ডানা, মিতালী রায়, মহিমা দে ত্রয়ী, নুসরাত রিনি, কান্তা দে, রুবেল চৌধুরী, দেবলীনা চৌধুরী, প্রিয়া ভৌমিক, রিয়া সেনগুপ্তা, অনন্যা সেন রিপা। দ্বৈত সংগীত পরিবেশনায় ছিলেন জয় সেন হিরো ও ববি মনি।
হোসনে আরা তারিন, সন্দীপন সেন একা, পৃথুলা চৌধুরী এবং যশস্বী বনিক'র নিদর্শনায় পরিবেশিত হয় বোধন আবৃত্তি স্কুলের শিশু বিভাগের পরিবেশনা 'এই ছড়াটা অন্যরকম'। এছাড়া উৎপল কান্তি বড়ুয়ার রচনা এবং মাইনুল আজম চৌধুরী'র গ্রন্থনা ও নির্দেশনায় বড়দের বৃন্দ আবৃত্তি 'পরান অর এই চাটগাঁ আঁরার' পরিবেশিত হয়।
নগরীর পাহাড়তলি আমবাগান শেখ রাসেল পার্কে পৃথক বসন্ত উৎসবের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে বোধনের বসন্ত উৎসব সকাল ৯টায় শুরু হয় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম'র সভাপতি সোহেল আনোয়ারের কবিতা আবৃত্তি দিয়ে। এরপর যন্ত্র সংগীত পরিবেশন করে ভায়োলিনিস্ট চিটাগং।
এরপর বসন্ত প্রদীপ প্রজ্বালন ও কবুতর উড়িয়ে বসন্ত উৎসবের আনুৃষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকে ভূষিত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
বসন্ত উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব মৃন্ময় বিশ্বাসের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে কথামালায় অংশ নেন একুশে পদকে ভূষিত নাট্যজন ইকবাল হায়দার, বোধনের উপদেস্টা লায়ন বাসুদেব সিনহা, সভাপতি সোহেল আনোয়ার, সহ-সভাপতি সুর্বণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল, বসন্ত উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সঞ্জয় পাল, নিপ্পন পেইন্টের সিনিয়র ম্যানেজার মানব কুমার সাহা।
পরে দলীয় সংগীতে অংশ নেন অভ্যুদয় সংগীত অঙ্গন, সুরপঞ্চম, বাগেশ্বরী সংগীতালয়। দলীয় নৃত্য পরিবেশন করে স্কুল অব ক্লাসিক্যাল ডান্স, ওডিসি এন্ড টেগোর ডান্স মুৃৃভমেন্ট সেন্টার, মাধুরী ডান্স একাডেমি, নৃত্য নিকেতন, নৃত্যরূপ একাডেমি, সুরাঙ্গণ বিদ্যাপীঠ।
একক আবৃত্তি করেন রাশেদ হাসান, সেলিম রেজা সাগর, তাসকিয়া নূর তানিয়া। একক সংগীত সংগীত পরিবেশন করেন শ্রেয়সী রায়, কেকা দৃষ্টি শর্মা, কান্তা দে, রিষু তালুকদার, জয় দত্ত দীপ্ত, প্রিয়াংকা দাশ। দলীয় আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ।
বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় বিকালের অনুষ্ঠান। বিকেলের কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।
বেলা বাড়ার সাথে সাথে সব স্রোত যেন গিয়ে মেশে সিআরবির শিরিষ তলায় অমর একুশের বইমেলা প্রাঙ্গনে।
শিশু, তরুণ তরুণী, বন্ধুদের দল, স্বামী স্ত্রী সন্তান, বইপ্রেমী বৃদ্ধ সকলের দিন শেষের ঠিকানা হয়ে উঠে বইমেলা।
ছেলে সৈয়দ হাসানুজ্জামানকে নিয়ে মেলায় আসা ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ শহর জুড়ে নানা আয়োজন ছিল দিনভর। কোথাও বসন্ত উৎসব, কোথাও বাণী অর্চনা- সব মিলিয়ে আজ উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম।
" ছেলে বইমেলায় আসতে চায় তাই তাকে নিয়ে মেলায় ঘুরতে এলাম।"
রাতে বইমেলার সময় ফুরিয়ে আসতে শুরু করলে দর্শনার্থীদের সেই ভিড় আবার মণ্ডপমুখী হয়। নগরীর জামালখান, দেওযাজি পুকুর পাড়, পাথরঘাটা, নালাপাড়াসহ বিভিন্ন মণ্ডপে উপচেপড়া ভিড় দেখা গেছে।
