ডেঙ্গুতে আরেক শিশুর মৃত্যু চট্টগ্রামে
চলতি বছর জেলায় ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশু মারা গেছে, যা নিয়ে চলতি বছর জেলায় ৮ শিশুর প্রাণ কাড়ল এইডিস মশাবাহিত এ রোগ।
শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়।
নগরীর বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। গত মঙ্গলবার শিশুটিকে সেখানে ভর্তি করা হয়েছিল।
এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন শিশু, ৪ জন পুরুষ ও ২ জন নারী।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুদের আক্রান্ত হওয়ার হার বেশি। কারণ তাদের শরীরের বেশির ভাগ অংশ খোলা থাকে। এটা হয় পোশাকের কারণে। যেমন তারা- হাফপ্যান্ট, টি শার্ট এ ধরনের পোশাক পরে।
“তারা স্কুলে যায়, মাঠে যায়। যেসব জায়গায় শিশুরা খেলতে যায় সেখানে ঝোপঝাড়ও বেশি থাকে। তাই অভিভাবকদের আরও বেশি সাবধানে থাকতে হবে। আক্রান্ত হলে ১১ বছরের নিচের শিশুদের ঝুঁকি বেশি থাকে।”
শনিবারের তথ্য অনুসারে, আগের ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এতে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৯ জনে। এ বছর জেলায় মোট ১ হাজার ৩০৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
শনিবার ৩৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সর্বোচ্চ ৮৫ জন। বিআইটিআইডিতে ২৭ জন এবং অন্যান্য বেসরকারি হাসপাতালে ২৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
