মেরিটাইম দিবসে চট্টগ্রামে শোভাযাত্রা
দেশের বিভিন্ন স্থান থেকে আসা মেরিনার, শিপিং কোম্পানির প্রতিনিধি এবং মেরিটাইম শিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এতে অংশ নেন।
ওয়ার্ল্ড মেরিটাইম ডে উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।
বৃহস্পতিবার সকালে নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রা শেষে বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াৎ হোসেন বলেন, “আমাদের মেরিনারেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। সামুদ্রিক খাত আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড, যা বিশ্বের ৮০ শতাংশেরও বেশি পণ্য পরিবহন করে। আমাদের দেশের মেরিনারেরা সেই বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি।
“বর্তমানে শিপিং, জাহাজ নির্মাণ, শিপ রিসাইকেলিং ইয়ার্ড এবং আন্তর্জাতিক জাহাজে আমাদের নাবিকদের কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক খাত বছরে প্রায় ১দশমিক ৭৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে।”
সাখাওয়াৎ বলেন, “নাবিকদের ভিসা সমস্যা সমাধান, জাহাজ কেনার জন্য অর্থায়ন, কর ব্যবস্থার উন্নয়ন এবং জাহাজ নির্মাণের জন্য আন্তর্জাতিক মানের নীতি প্রবর্তনের মাধ্যমে আমরা এই আয় বছরে ৭ বিলিয়ন ডলারে উন্নীত করতে পারি।”
সিনিয়র মেরিনার ক্যাপ্টেন মো. হাবিবুর রহমান বলেন, “এই ধরনের আয়োজন কেবল সচেতনতা বৃদ্ধিই করে না, বরং আমাদের মেরিটাইম কমিউনিটির মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করে। দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমুদ্রপথের গুরুত্ব অপরিসীম, এবং আমরা আশা করি সরকার এই খাতের উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেবে।”
শোভাযাত্রায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মেরিনার, শিপিং কোম্পানির প্রতিনিধি এবং মেরিটাইম শিল্পের সাথে জড়িত ব্যক্তিরা অংশ নেন।
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও) কনভেনশন কার্যকর হওয়ার বিংশতম বার্ষিকী উপলক্ষে ১৯৭৮ সালে প্রথম বিশ্ব নৌদিবস পালিত হয়। এরপর হতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার দিবসটি পালিত হয়ে আসছে।
