২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বিপণি বিতানের আগুন নিয়ন্ত্রণে

“এখন আমাদের সার্চ টিম পুরো মার্কেটটা সার্চ করবে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 12:33 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বিপণি কেন্দ্র ‘চিটাগং শপিং কমপ্লেক্স’র আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

সকাল পৌনে ১০টার দিকে শপিং কমপ্লেক্সের নিচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিট নিয়ে দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুন লাগার খবরে বিপণি কেন্দ্রটির দোকান মালিক ও কর্মচারীরা সেখানে জড়ো হয়। কিন্তু মার্কেটের নিচতলা ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় তাদের সেখানে প্রবেশ করতে দেয়নি ফায়ার সার্ভিস। 

শনিবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় সকালে আগুন লাগার সময়ে বিপণি কেন্দ্রে কোনো ক্রেতা ছিল না। 

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের বিভাগীয় উপ-পরিচালক মো. জসিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়েছি। একপাশ থেকে ধোঁয়াটা সরাতে পেরেছি। কিন্তু এটা অনেক লম্বা মার্কেট। এখন আরেক জায়গায় ধোঁয়া সরাতে চেষ্টা করব। 

“ভিতরে ধোঁয়া আছে। ধোঁয়ায় যেহেতু কার্বনের পরিমাণ বেশি, ব্রিদিং সাপোর্ট ছাড়া ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। আমাদের ফায়ার ফাইটার ও অফিসাররা ভিতরে আছে। তারা কাজ করছেন।” 

ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দীন বলেন, “এখন আমাদের সার্চ টিম পুরো মার্কেটটা সার্চ করবে। তারা দেখবে কোনো ভিকটিম আটকা আছে কি না। কেউ ইনজুরড হয়েছে কি না। 

“আমরা যে দুটো কাপড়ের দোকানে আগুন লাগার কথা জেনেছি, সেগুলো ছাড়া আর কোন ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটাও সার্চ টিম খোঁজ করে দেখবে।”

আগুন লাগার কারণ এবং কিভাবে সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। 

আগুন লাগার পর থেকে শপিং কমপ্লেক্সের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। 

চট্টগ্রামে বিপণি বিতানে আগুন