১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবি করে লুটপাট করেছে আওয়ামী লীগ: নোমান

নোমান বলেন, একাত্তরে শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের নেতৃত্বশূন্যতা ও সিদ্ধান্তহীনতার কারণেই মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 09:18 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধার দল এবং দলের প্রতিষ্ঠাতা জিয়ার রহমানকে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। 

মঙ্গলবার বিকালে চট্টগ্রামের হালিশহর নয়াবাজার বিশ্বরোড মোড়ে বিজয় শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছেন একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধার দল। 

তিনি বলেন, “শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক হওয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কোনো রাজনৈতিক সুবিধা নেননি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এবং মুক্তিযুদ্ধের কৃতিত্বের মিথ্যা দাবি করে রাজনৈতিক ফায়দা হাসিলের মাধ্যমে দুনীতি ও লুটপাট করেছে।”

চট্টগ্রাম-১০ নির্বাচনি আসনের বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

আবদুল্লাহ আল নোমান বলেন, “অগাস্ট বিপ্লবে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে নির্বাসিত কর্তৃত্ববাদী স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দেশ ও দেশের সার্বভৌমত্ব বিরোধী যেকোনো চক্রান্ত জনগণ ও বিএনপি রাজনৈতিকভাবে প্রতিহত করবে।”

তিনি বলেন, “৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো দলের একক কৃতিত্ব নয়। ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আমাদের স্বাধীনতা অর্জন অনেক বিলম্বিত হত। সেদিন শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের নেতৃত্বশূন্যতা ও সিদ্ধান্তহীনতার কারণেই মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল।” 

হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন ডিপ্টির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, সাবেক কাউন্সিলর শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, সাঈদ আল নোমান প্রমুখ।