২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ-হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

“যারা জনগণের ভোটে আস্থা রাখে না, তারাই পরিকল্পিতভাবে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়,” বলেন বিএনপি নেতা হেলাল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 07:58 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে নগর বিএনপি।

শনিবার বিকালে বন্দর নগরীর নূর আহমদ সড়কে বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করেন।

কর্মসূচি থেকে বিএনপি নেতারা এরশাদ ও হাদির ওপর আক্রমণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তুলে ধরে স্লোগান দেন বলে নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “দেশ আজ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচনের মাঠে প্রতিযোগিতা নয়, বরং ভয় ও সন্ত্রাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। 

“যারা জনগণের ভোটে আস্থা রাখে না, তারাই পরিকল্পিতভাবে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরশাদ উল্লাহ ও শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা প্রমাণ করে, দেশে এখনো গণতান্ত্রিক পরিবেশ নিরাপদ নয়।”

তিনি বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচন মানেই শুধু ভোটের দিন নয়; এর আগে সমান সুযোগ, নিরাপদ প্রচারণা এবং নির্ভীক রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। 

“অথচ আমরা দেখছি, বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনে পরিকল্পিতভাবে ভয় দেখানো হচ্ছে, হামলা চালানো হচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণের আস্থা নষ্ট হবে এবং নির্বাচন তার অর্থ হারাবে।”

হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। 

সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “স্বৈরাচার পতন হলেও দেশে প্রকৃত গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। সারা দেশে আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা মারাত্মকভাবে ভঙ্গুর। পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো সক্রিয়, যা দেশকে অস্থিতিশীল করে নির্বাচনকে ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।

“এই হামলাগুলো কোন পরিস্থিতিতে ও কোন সময়ে ঘটেছে, সেটাই এর রাজনৈতিক গুরুত্ব স্পষ্ট করে। নির্বাচনি প্রচারণার মধ্যেই মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলা এবং তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর সশস্ত্র আক্রমণ, এসবকে কোনোভাবেই সাধারণ অপরাধ বলা যায় না। এসব ঘটনা স্পষ্টভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিত ও সংগঠিত ষড়যন্ত্রেরই অংশ।”

তিনি বলেন, “ওসমান হাদির ওপর গুলি চালানো একটি উদ্দেশ্যপ্রণোদিত, সুপরিকল্পিত ও সুসংগঠিত হামলা। নির্বাচনি তফসিল ঘোষণার পর একজন প্রার্থীকে লক্ষ্য করে এমন সশস্ত্র আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি নির্বাচনপ্রক্রিয়াকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রের অংশ “

হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি।

সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর নূর আহাম্মেদ সড়ক, লাভলেইন, চেরাগী মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, বিভাগীয় শ্রমিক দলের নেতা শেখ নুরুল্লা বাহার ও জামাল, সাবেক যুবদল সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, তাঁতীদলের আহ্বায়ক সেলিম হাফেজ উপস্থিত ছিলেন।