Published : 06 Jun 2026, 01:35 PM
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ‘আধিপত্য বিস্তার ও জমি দখল’ নিয়ে বিরোধে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ।
শুক্রবার রাতের ওই সংঘর্ষের ঘটনায়৭ থেকে ৮ জন আহত হয়েছে এবং সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্রের ব্যবহার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে শনিবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কোন মামলা হয়নি; কারা এই সংঘর্ষে জড়িয়েছিল সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি পুলিশ।
নগরীর খুলশী থানার ফয়’স লেক এবং লেকভ্যালি আবাসিক এলাকার আশেপাশে ওই সংঘর্ষের সূত্রপাত হয় শুক্রবার রাত ১১টার দিকে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিস (উত্তর) আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার এবং জমির দখল বেদখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষে তারা দেশীয় অস্ত্র, দা, ছুরি ব্যবহার করেছে।

“স্থানীয়ভাবে তাৎক্ষণিক ৭-৮ জন আহত হয়েছে বলে শুনেছি। আমার ঘটনার আরো গভীরে গিয়ে তদন্ত করে দেখব কারা জড়িত, কি কারণে এরকম হয়েছে। কার জমি এবং কারা কারা এসব বিরোধে জড়িয়েছে সেটাও জানব।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা গেছে, দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে। কয়েকজনের মাথায় হেলমেটও ছিল। এসময় সেখানকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে থানা এবং পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানিয়েছে, লেকভ্যালি আবাসিক এলাকা সংলগ্ন কিছু সরকারি জমি আছে। সেই জমির একটিতে দেয়াল নির্মাণ ও দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সেখানকার দুটি পক্ষ শুক্রবার রাতে সংঘর্ষে জড়ায়।
শুক্রবার রাতের সংঘর্ষে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে আমরা রাতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল সেটা নিয়ন্ত্রণ করেছি।

“এখন আমরা তদন্ত করে দেখব নেপথ্যে কারা আছে। কারা কারা মূল ভূমিকা রেখেছে তা দেখে আইনের আওতায় নিয়ে আসব।”
সংঘর্ষের ওই ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত থানায় কেউ মামলা করতে যায়নি বলেও জানিয়ে আমিরুল ইসলাম বলেন, “কেউ মামলা করতে এলে আমরা মামলা নিতে প্রস্তুত আছি।”
খুলশী থানার ফয়’স লেক ও আশেপাশের পাহাড়ি এলাকায় কিছু বিরোধপূর্ণ জমি আছে। এছাড়া সেখানে সরকারি জমিও আছে। এসব জমির দখল নিয়ে স্থানীয় পক্ষগুলোর মধ্যে বিরোধ দীর্ঘদিনের।
শুক্রবার রাতেও এরই ধারাবাহিকতায় আকবর শাহ ও খুলশী এলাকার বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।