চট্টগ্রামে বিজয় দিবস উদযাপন: ‘একটি মানচিত্র আঁকতে যুদ্ধে গিয়েছিলেন তারা’
চট্টগ্রামে বিজয় দিবসের সকালে শোভাযাত্রা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সম্মাননা প্রদান, যুদ্ধ জাহাজ প্রদর্শন, পতাকা মিছিল, আলোচনা সভাসহ নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বিজয় দিবসে চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ছিল নানা আয়োজন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নৌ অঞ্চলের মসজিদ গুলোতে স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পতেঙ্গায় নৌবাহিনীর সুসজ্জিত ব্যান্ডদল সঙ্গীত পরিবেশন করে।
এছাড়া নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সেখানে গিয়ে বিভিন্ন শ্রেণিপেশার ও বয়সের মানুষ জাহাজ ঘুরে দেখেন।
একই সময়ে বিজয় দিবস উপলক্ষে কোস্টগার্ডের দুটি যুদ্ধজাহাজ ‘অপূর্ব বাংলা’ ও ‘তাজউদ্দীন’ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন বলেন, “বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে ৯ মাসব্যাপী যুদ্ধে যারা শহিদ হয়েছে, লাঞ্চিত হয়েছেন, তারা কোনো কিছু পাওয়ার আশায় যুদ্ধে যায়নি। পৃথিবীর বুকে একটি মানচিত্র আঁকার জন্য তারা যুদ্ধে গিয়েছিলেন।
“নিজেদের বাসভূমি গড়ার জন্য বীর মুক্তিযোদ্ধারা যেভাবে এগিয়ে এসেছিলেন, এটা কোনো তুলনা দিয়ে প্রমাণ করে দেখানো যাবে না।”
তিনি বলেন, “এ জন্য বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম সাহস ও দেশপ্রেমকে অবমূল্যায়ন করার ধৃষ্টতা কারো নেই। দেশের স্বাধীনতার পরেও আমরা বারবার পথ হারিয়েছি। মুক্তিযুদ্ধে আপনাদের যে অবদান ও স্বপ্ন, সে স্বপ্নকে দেখে আমরা স্বৈরাচার ও ফ্যাসিস্টের বিরুদ্ধে সবসময় আন্দোলন করেছি।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির খান বক্তব্য রাখেন।
চমেবিতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা
চট্টগ্রামের ফৌজদাররহাটে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় দিবসে ছয় জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়।
সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানের অংশ হিসেবে প্রীতি ক্রিকেট ম্যাচ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
সিভাসুতে নানা আয়োজন
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বিজয় দিবস করা হয়েছে নানা আয়োজনে।
দিবসের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান। এ সময় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর জাতীয় পতাকা উত্তোলন ও সশস্ত্র সালাম, আলোচনাসভা, শিক্ষার্থীদের জন্য প্রীতি ক্রিকেট ও ভলিবল ম্যাচ আয়োজন করা হয়।
সিইউজের শ্রদ্ধা
বিজয় দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতারা।
নগরীর কে সি দে রোডে শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে সংক্ষিপ্ত আলোচনায় সিইউজে নেতারা আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যের আহ্বান জানান।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সদস্য শফিকুল ইসলাম, শ্যামল নন্দী, সাংবাদিক আনিসুজ্জামান দুলাল, রাজু চৌধুরী, আবির চক্রবর্তী ও গাজী গোফরান।
রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “গণমাধ্যমকর্মী, রাজনীতিক ও প্রশাসনিক ব্যক্তিসহ দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের স্বার্থে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
“মুক্তিযুদ্ধের স্বপ্ন তখনই পূরণ হবে, যখন জাতীয় স্বার্থে ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠিত হবে।”
পতাকা মিছিল
অন্যদিকে চট্টগ্রামে বিজয় দিবসের সকালে বিজয় শোভাযাত্রা করেছে সব শ্রেণি পেশার মানুষ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রায় রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী, শিক্ষক, সাংবাদিক ও শিল্পীরা অংশ নেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা; আর কণ্ঠে ছিল মুক্তিযুদ্ধের সময়কালীন স্লোগান— 'তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা', 'স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব', 'এই বাংলায় হবে না, সাম্প্রদায়িকতার ঠিকানা'।
বিজয় শোভাযাত্রায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি শাহ আলম, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, স্কপ নেতা ফজলুল কবির মিন্টু, ইমতিয়াজ সবুজ, মোরশেদ, শিমুল দত্ত, দেবাশীষ সেন, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. জাবেদ চৌধুরী, ছাত্র ইউনিয়ন সভাপতি টিকলু কুমার ও সাধারণ সম্পাদক শুভ দেবনাথ।
বিজয় শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কে সি দে রোড, লালদীঘির পাড়, টেরি বাজার মোড়, আন্দরকিল্লা মোড় হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিযে শেষ হয়।
