১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

“একটি মাইক্রোবাস ভাড়া করে চকরিয়া থেকে চট্টগ্রামে আসেন তারা,” বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 08:22 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন গ্রেপ্তার হয়েছেন।

বন্দর নগরীতে শনিবার সকালে তারা মিছিল করেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন, মাইক্রোবাস চালক আবু মুসা (৩০) ও তার সহকারী শাকিব আলম (২০) এবং ছাত্রলীগ কর্মী রায়হান উদ্দিন (৪৫) ও মো. আরিফ (২৮)। 

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিলে অংশ নেওয়ারা একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রামে এসেছিলেন। (শনিবার) সকালে হামজারবাগ হযরত কামাল শাহ বোগদাদী মাজারের সামনে ঝটিকা মিছিল করার সময় পুলিশ তাদের ধাওয়া করে।

“পালানোর সময় মাইক্রোবাসের চালক ও সহকারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পাঁচলাইশ এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।”

মাইক্রোবাস চালককে জিজ্ঞাসাবাদের তথ্যে ওসি বলেন, “পুলিশকে তিনি বলেছেন, ‘মিছিল করার জন্য’ চকরিয়া থেকে চট্টগ্রামে আসার জন্য তার মাইক্রোবাসটি ভাড়া করা হয়েছিল। সেটিতে করে সাত-আটজন আসেন। আর কয়েকজন ঘটনাস্থলে যোগ দেন।”

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচলাইশ থানায় মামলা হয়েছে।