চট্টগ্রামে তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ
পুলিশ বলছে, অভিযোগটিতে ‘ধোঁয়াশা’ আছে, তারা নিশ্চিত নয় আদৌ কী ঘটেছে।
চট্টগ্রামে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বায়েজিদ-ফৌজদারহাট লিঙ্ক রোডের সীতাকুণ্ড অংশের তিন নম্বর ব্রিজের নিচে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে ওই তরুণীর অভিযোগ।
তবে পুলিশ বলছে, অভিযোগটিতে ‘ধোঁয়াশা’ আছে। এখনও তারা নিশ্চিত নয় আদৌ কী ঘটেছে।
সীতাকুণ্ড থানার ফৌজদারহাট ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণী চিকিৎসা নিচ্ছেন। সেখান থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
পরিদর্শক তৌহিদুল বলেন, “ওই তরুণীর দাবি, পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে তার পরিচিত এক জন তাকে বায়েজিদ লিঙ্ক রোডের ৩ নম্বর ব্রিজের কাছে নিয়ে যায়। সেখানে তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে।”
পুলিশ জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওই তরুণী ২০১৫ সালের পর থেকে ওই এলাকায় আর থাকেন না। পরিবারের কারও সঙ্গে তার সম্পর্ক নেই। বছর কয়েক আগে বিয়ে করলেও স্বামীর সঙ্গে এখন তিনি নেই।
পরিদর্শক তৌহিদুল জানান, ওই তরুণী জানিয়েছে নগরীর আকবর শাহ এলাকার বার্মা কলোনিতে ঘর ভাড়া নিয়ে তিনি থাকেন। তবে তার স্থায়ী কোনো পেশা নেই।
পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় অভিযোগটি ‘ধোঁয়াশা’ বলে মনে হচ্ছে এই পুলিশ কর্মকর্তার।
তিনি বলেন, “পোশাক কারখানায় চাকরি পেতে কেন ওই তরুণী রাতের বেলায় সেখানে গেল, এর সাথে কোনো কারণ আছে কি না, সেসব বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।”
