২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, ১০ জন দগ্ধ

স্থানীয়রা জানান, সকালে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় কোনোভাবে আগুন লেগে গেলে বিস্ফোরণ ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 10:58 AM

Updated : 26 Aug 2026, 02:18 PM

চট্টগ্রামের চন্দনাইশে একটি সিলিন্ডার বিক্রির গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। 

বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেট এলাকার মাহবুব রহমান ট্রেডার্সে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের পর আগুন ধরে গেলে সেখানে বেশ কয়েকজন আহত হন। চন্দনাইশ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

স্থানীয়রা জানান, সকালে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় কোনোভাবে আগুন লেগে গেলে বিস্ফোরণ ঘটে। পরে আগুন গুদামে ছড়িয়ে পড়ে। সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে এদিক ওদিক উড়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণে দগ্ধ ১০ জনকে সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে নেওয়া হয়। এদের সবাইকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন– ওই দোকানের মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), মো কপিল (২২), মো রিয়াজ (১৭), মো. ইউনুচ (২৬), মো. আকিব (১৭), মো. হারুন (২৯), মো.ইদ্রিস (৩০), মো. লিটন (২৮) ও মো. সালেহ (৩৩) ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. এস খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের সকলেরই ২০ থেকে ৭০ শতাংশের মত পুড়েছে। তাদের শ্বাসতন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

“শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে রোগীদের শারীরিক পরিস্থিতি যে কোনো সময় অবনতি হতে পারে। তাদের আইসিউ সাপোর্ট দরকার হবে।”