Published : 27 Jul 2026, 09:09 PM
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নির্মাণাধীন বার্ন ইউনিট পরিদর্শন করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার বিকেলে এই পরিদর্শনে গিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
ইয়াও ওয়েন বলেন, “মানুষের কল্যাণে বাস্তবমুখী উন্নয়ন প্রকল্পে দুই দেশের সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে।”
এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ও চমেক হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন এবং হাসপাতালের পরিচালক মোহাম্মদ তসলিম উদ্দীন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত বার্ন ইউনিটের চিকিৎসা সেবা, অবকাঠামো এবং রোগীদের সুবিধার জন্য তৈরি জায়গাগুলো ঘুরে দেখেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ বার্ন ইউনিটের কার্যক্রম, চিকিৎসাসেবার মান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এ বিষয়ে মেয়র শাহাদাত বলেন, “চট্টগ্রামের মানুষের জন্য আধুনিক বার্ন ইউনিট একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসেবার উন্নয়ন নগরবাসীর জন্য আরো উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে।”
বর্তমানে আগুনে পোড়া গুরুতর রোগীদের সেবার সুবিধা নেই চমেক হাসপাতালের বিদ্যমান বার্ন ইউনিটে। যদিও চট্টগ্রাম বিভাগে এটিই একমাত্র বার্ন ইউনিট।
এমন পরিস্থিতিতে চমেক হাসপাতালে একটি আধুনিক বার্ন ইউনিট গড়ে তুলতে ২০২৫ সালের শুরুতে হাসপাতালের গোঁয়াছি বাগান এলাকায় ‘চায়না এইড প্রজেক্ট অব বার্ন ইউনিট অব চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের কাজ শুরু হয়।