১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ডেঙ্গুতে চার বছর বয়সি শিশুর মৃত্যু

চলতি মাসের প্রথম ১১ দিনেই ৮ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 10:08 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

চট্টগ্রামে ডেঙ্গুতে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। 

এ নিয়ে জেলায় চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত আট জনের মৃত্যু হল। 

মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে ডেঙ্গুতে এই শিশুটির মৃত্যুর খবর জানানো হলেও শিশুটি মারা গেছে শুক্রবার।

তাসমিন নামের এ শিশুটি নগরীর পাহাড়তলী এলাকার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মঙ্গলবারের প্রতিবেদন অনুসারে, এদিন সকাল ৮টার আগ পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জন ডেঙ্গু রোগী ছয়টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। 

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে জেলায় শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। চলতি বছর এ পর্যন্ত চট্টগ্রামে ৩ হাজার ৪৮ জনের ডেঙ্গু শনাক্ত হল।

চলতি মাসের প্রথম ১১ দিনেই ৮ জনের মৃত্যু হয়েছে। যা এ বছর কোনো একক মাসে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। আর চলতি এ বছর এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হল। 

তাদের মধ্যে সাত জন নারী, তিন জন শিশু ও তিন জন পুরুষ।

আর আক্রান্তদের ১ হাজার ৫৬৪ জন পুরুষ, ৮৫৪ জন নারী এবং ৬৩০ জন শিশু। 

তাদের মধ্যে নগরীর বাসিন্দা ১ হাজার ৩১৮ জন এবং উপজেলাগুলোর বাসিন্দা ১ হাজার ৩৫৪ জন। এবার সবচেয়ে বেশি সীতাকুণ্ড উপজেলায় ৪১৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।