২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বিজ্ঞাপনের খরচ চবি দেবে না

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় দেওয়া ওই বিজ্ঞাপনের ব্যয়ের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।"

দুই মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বিজ্ঞাপনের খরচ চবি দেবে না

ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 01:06 PM

Updated : 20 Jan 2024, 01:06 PM

শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় দেওয়া বিজ্ঞাপনের ব্যয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহন করবে না বলে জানিয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় দেওয়া ওই বিজ্ঞাপনের ব্যয়ের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।”

রেজিস্ট্রার নূর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউজিসি জানতে চেয়েছিল বিশ্ববিদ্যালয়ের কোন খাত থেকে এই ব্যয় বহন করা হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো খাত থেকে এই টাকা দেওয়া হবে না।”

তাহলে এসব বিজ্ঞাপনের ব্যয় কে বহন করবে এবং ইউজিসির চিঠির জবাব দেওয়া হয়েছে কীনা জানতে চাইলে কোনো মন্তব্য না করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ায় ব্যাখ্যা চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেয়।

বুধবার পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. গোলাম দস্তগীর স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞাপনটি কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এর ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছিল ইউজিসির ওই চিঠিতে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখার ১২ জানুয়ারি জারি করা নোটিসের নির্দেশনা কেন অনুসরণ করা হয়নি তার ব্যাখ্যা পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে জানাতেও নির্দেশনা দিয়েছিল ইউজিসি।

বিশ্ববিদ্যালয়ের শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, “বীর চট্টলার এই দুই কৃতি সন্তানকে (পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী) অভিনন্দন জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের পক্ষ থেকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এ সকল বিজ্ঞাপন সংক্রান্ত ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে, তা জানতে চেয়ে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর পত্র দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

“এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য হলো, এ সংক্রান্ত ব্যয়ের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনোরূপ আর্থিক সংশ্লিষ্টতা নেই। বর্ণিত বিষয়ে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হল।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে মন্ত্রিসভায় চট্টগ্রামের হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রী এবং মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত করায় তাদের অভিনন্দন জানিয়ে দেওয়া ওই বিজ্ঞাপনটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপনটির উপরের অংশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো এবং নিচে বিশ্ববদ্যিলায়ের উপাচার্য হিসেবে শিরীণ আখতারের নামও ছাপা হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় রয়েছেন চট্টগ্রাম থেকে সংসদ সদস্য হওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল ও হাছান মাহমুদ। 

আগের মেয়াদে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব সামলে আসা নওফেল এবার হয়েছেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী। আর গত সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে এবার করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী।