১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের নতুন মূল্যহার নির্ধারণ

নতুন কাঠামোতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর এবং অন্যান্য এলাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার জন্য আলাদা মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 01:47 PM

Updated : 14 Oct 2026, 01:47 PM

প্রচার সংখ্যা ও প্রকাশনার স্থান বিবেচনায় সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের নতুন মূল্যহার নির্ধারণ করেছে সরকার।

নতুন কাঠামোতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর এবং অন্যান্য এলাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার জন্য আলাদা মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি অর্ধসাপ্তাহিক থেকে ত্রৈমাসিক পর্যন্ত বিভিন্ন মেয়াদের পত্রিকা ও সাময়িকীর বিজ্ঞাপনের মূল্যও পুনর্নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে নতুন এই মূল্যহার জানিয়ে দেওয়া হয়েছে।

নতুন মূল্যহার অনুযায়ী, প্রচার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি বিজ্ঞাপনের হারও বাড়বে। তবে প্রতিটি শ্রেণির সংবাদপত্রের জন্য সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪৫০ টাকা।

প্রচার সংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৭ টাকা করে হার বাড়বে।

৩০ হাজার ১ থেকে ৫০ হাজার প্রচার সংখ্যায় প্রতি হাজারে ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজারে প্রতি হাজারে ৫ টাকা করে বাড়ানো হবে।

প্রচার সংখ্যা ৯০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা হারে মূল্য বাড়বে। এ শ্রেণির পত্রিকার সর্বোচ্চ বিজ্ঞাপন হার নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০০ টাকা।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাইরে অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার ক্ষেত্রে প্রচার সংখ্যা ৪ হাজার থেকে ৫ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪২০ টাকা।

প্রচার সংখ্যা ৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা; ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার হলে ৫ টাকা এবং ৫০ হাজার ১ বা তার বেশি হলে ৪ টাকা করে হার বাড়বে। এ শ্রেণির পত্রিকার সর্বোচ্চ বিজ্ঞাপন হার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর, জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪০০ টাকা।

প্রচার সংখ্যা ৪ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা এবং ৩০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৫ টাকা করে মূল্য বাড়বে। এসব পত্রিকার সর্বোচ্চ বিজ্ঞাপন হার নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা এবং সাময়িকীর সরকারি বিজ্ঞাপনের মূল্যহারও পুনর্নির্ধারণ করা হয়েছে।

একইভাবে জেলা শহর ও অন্যান্য এলাকা থেকে প্রকাশিত এসব প্রকাশনার জন্যও নতুন হার নির্ধারণ করেছে সরকার।