২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশুভ শক্তিকে একাত্তরের মত প্রতিহত করব: স্বপন

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেছেন, “যারা একাত্তর সালে আমাদের সাথে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই আমাদের শত্রু হয়ে উঠেছে।”

অশুভ শক্তিকে একাত্তরের মত প্রতিহত করব: স্বপন

চট্টগ্রামের ইপিজেড থানা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 09:57 PM

Updated : 25 Jun 2023, 09:57 PM

সকল ‘অশুভ শক্তিকে’ আওয়ামী লীগ একাত্তরের মতই প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

রোববার দুপুরে নগরীর ইপিজেড থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় সংসদের হুইপ স্বপন বলেন, “গণতন্ত্র ও মানবাধিকারের নামে যে মুরুব্বি দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তাদের দেশে কি আছে? তাদের কিছু এদেশীয় এজেন্ট, যারা একাত্তর সালে আমাদের সাথে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই আমাদের শত্রু হয়ে উঠেছে।

"এ পরিস্থিতিতে আবার আরেকটি একাত্তর সৃষ্টির জানান দেওয়া হচ্ছে, যাদেরকে আমরা একাত্তর পরবর্তী সময়ে আঘাত হানতে পারিনি, তাদেরকে এবারই পাল্টা আঘাত দিতে হবে। তাহলেই অসমাপ্ত মুক্তিযুদ্ধ সম্পন্ন হবে।”

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি যে শক্তিশালী হয়েছে, এর প্রাপ্য মর্যাদা মূল্যায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

“এক্ষেত্রে কোনো নেতৃত্বের দলাদলি ও প্রতিদ্বন্দ্বিতার অবকাশ নেই। যারা যোগ্য, তারাই পদ-পদবীতে আসবে,” বলেন স্বপন।

সম্মেলনের উদ্বোধন করে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “আমাদেরকে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করে তৃণমূল স্তর থেকেই নেতৃত্ব তুলে এনে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমাদের সামনে প্রতিক্রিয়াশীলতা দুর্যোগের ঘনঘটা। তা মোকাবেলার জন্য এখন থেকেই ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।

“আমরা নিজেদের মধ্যে হানাহানি ও কাদা ছোড়াছুড়ি না করে শত্রুকে চিহ্নিত করি। এই শত্রু যদি দলের ভিতরে ঢুকে থাকে তাহলে তাদেরকে খুঁজে বের করতে হবে।”

ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের সঞ্চালনায় সম্মেলনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সংসদ সদস্য এম এ লতিফ বক্তব্য দেন।

এতে নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, হাজী জহুর আহমেদ, আবু তাহের উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সমর্থন ও সর্বসম্মতিক্রমে সুলতান নাছির উদ্দীনকে সভাপতি ও সেলিম আফজলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।