২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নির্বাচনে না এসে উপায় নেই: হাসিনা মহিউদ্দিন

বিএনপি নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের যে ধোঁয়া তুলছে তাতে বিশ্ব সম্প্রদায় সায় দেয়নি বলে মন্তব্য করেন হাসিনা মহিউদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 09:34 PM

Updated : 26 Jul 2023, 09:34 PM

বিএনপি যতই টালবাহানা করুক, নির্বাচনে আসতেই হবে বলে মন্তব্য করেছেন নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন।

বুধবার বিকালে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ওয়্যারলেস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে ওই নারী সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে হাসিনা মহিউদ্দিন বলেন, “বিএনপি ও তার কথিত মিত্ররা নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়ে যতই টালবাহানা করুক না কেন তাদেরকে শেষ পর্যন্ত নির্বাচনে আসতেই হবে।

“বিশ্ব সম্প্রদায় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেক আগেই বলেছেন, নির্বাচন সংবিধান সম্মতভাবে স্বাধীন কমিশনের অবাধ ও সুষ্ঠ হবে।”

তিনি বলেন, “তবে বিএনপি নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের যে ধোঁয়া তুলছে তাতে বিশ্ব সম্প্রদায় সায় দেয়নি। সুতরাং বিএনপির নির্বাচনে না আসার কোনো উপায় নেই।”

নৌকার প্রার্থীর জন্য ভোট চেয়ে হাসিনা মহিউদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে পরীক্ষিত ও ত্যাগী রাজনৈতিক কর্মী মহিউদ্দিন বাচ্চুকে নৌকা প্রতীক দিয়ে তৃণমূল স্তরের নেতাকর্মীদের মন জয় করেছেন। নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে নির্বাচিত করে শেখ হাসিনার আশা, ভরসা ও আস্থার প্রতিদান দিতে হবে।”

প্রচারণায় চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, “আমি নির্বাচিত হলে আমার সাধ্যমত রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা অনুযায়ী এলাকাবাসীকে সেবা দিতে বদ্ধপরিকর।

“আমার নির্বাচনী এলাকাকে প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে অবকাঠামোগত উন্নয়নসহ জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট থাকব। একজন রাজপথের রাজনৈতিক কর্মী হিসেবে আমি মানুষের আশা আকাঙ্ক্ষার কথা জানি। এ কারণে আমি আমার সম্মানিত ভোটারদের কাছে দায়বদ্ধ।”

রুমানা আক্তার চৌধুরীর সভাপতিত্বে রোকেয়া আক্তার রুকুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগ, মালেকা চৌধুরী, কাউন্সিলর ওয়াসিম উদ্দীন চৌধুরী, লাভলী বেগম প্রমুখ।