চুরির টাকায় তাদের ‘আয়েশি জীবন’
নিজেদের গাড়ি না থাকলেও প্রাইভেট কারে চলাফেরা করেন, জানতে পেরেছে পুলিশ।
দিনের বেলায় বিভিন্ন এলাকা ঘুরে তালা দেওয়া বাসা খোঁজেন সৎ দুই ভাই, সুযোগ পেলেই দেন হানা; নগদ টাকা আর স্বর্ণালঙ্কার চুরির টাকায় তারা চলাফেরা করেন ‘আয়েশিভাবে’।
চট্টগ্রামে মাস দুই আগে চুরির একটি মামলায় দুজনকে বুধবার গ্রেপ্তারের পর তাদের ব্যাপারে এমন তথ্য দিয়েছে পুলিশ।
ওই দুজন হলেন- আব্দুল্লাহ আল হৃদয় ওরফে রিফাত (২২) ও কামাল হোসাইন ওরফে মুন্না (২৪)। তাদের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই মোমিনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার এক স্কুল শিক্ষিকার বাসায় গত ১৯ মার্চ চুরি হয়। ওই ঘটনায় মামলায় ১৯ এপ্রিল রবিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তার জবানবন্দি এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে রিফাত ও মুন্নার সংশ্লিষ্টতা পাওয়া যায়।
তিনি বলেন, বুধবার বিকালে রিফাতকে কোতোয়ালী থানার সিআরবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে চান্দগাঁও থানার মেহেরাজ খান চৌধুরী ঘাটা এলাকা থেকে ধরা হয় মুন্নাকে। পরে মুন্নার কাছ থেকে এক ভরি গলানো স্বর্ণ, তালা ভাঙার সরঞ্জাম ও ৫০০ ইয়াবা জব্দ করা হয়।
এসআই মোমিনুল বলেন, “রিফাত ও মুন্না সৎ ভাই। তাদের বাবা একটি হত্যা মামলার আসামি হয়ে কারাগারে। তারা দুই ভাই রবিনকে নিয়ে চান্দগাঁও আবাসিক এবং চন্দ্রিমা আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে বাসা টার্গেট করেন।
“রবিনকে ভবনের গেইটে দাঁড় করিয়ে রেখে হৃদয় ও মুন্না ভেতরে ঢুকে তালাবদ্ধ বাসা খোঁজেন। পরে সুযোগ বুঝে তালা ভেঙে প্রবেশ করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার চুরি করেন।”
জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, “হৃদয় ও মুন্না উচ্চাভিলাসী জীবনযাত্রায় অভ্যস্ত। হৃদয় সবসময় প্রাইভেটকারে চলাফেরা করেন। নিজেদের গাড়ি না থাকলেও ভাড়া গাড়িতে চলেন।
“চুরির টাকায় তারা ইয়াবা সেবন, ফুর্তি ও বিভিন্ন অপরাধমূলক কাজ করতেন। হৃদয় জিম সেন্টারে গিয়ে ব্যায়াম করেন। মাসখানেক আগে তিনি ভারতে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও জেতেন বলে আমাদের জানিয়েছেন।”
মুন্না কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রিও করতেন বলে জানান তিনি।
