০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বিচার শুরু

বাসা থেকে চিপস কিনতে বেরিয়ে নিখোঁজ হয়েছিল শিশুটি, পরে নালায় তার বস্তাবন্দি লাশ মেলে।

চট্টগ্রামে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বিচার শুরু
চট্টগ্রামে পরীর পাহাড়ে অবস্থিত আদালত ভবন

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 07:03 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় সাড়ে তিন বছর আগে এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মোস্তাক আহমদের আদালত বিচার শুরুর আদেশ দিয়েছে।

বিচারক আগামী ২৮ জুলাই বাদীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একমাত্র আসামি লক্ষণ দাশের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারা এবং দণ্ডবিধির ২০১ ধারায় অভিযোগ গঠন করেছেন।

“আসামি পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুটি আবেদনই খারিজ করেছেন।”

২০২২ সালের ২৪ অক্টোবর বিকালে কোতোয়ালী থানার জামালখান এলাকায় শিকদার হোটেল এলাকার একটি বাসা থেকে চিপস কিনতে বেরিয়ে নিখোঁজ হয় শিশুটি। তার খোঁজ না পেয়ে কোতোয়ালী থানায় জিডি করেছিল পরিবার। তিনদিন পর শিকদার হোটেল সংলগ্ন বড় নালায় তার বস্তাবন্দি লাশ মেলে।

বস্তার গায়ে টিসিবি এর সিলমোহরের সূত্র ধরে লাশ উদ্ধারের পরদিন শিকদার হোটেলের গলির মুখে থাকা মুদি দোকান শ্যামল স্টোরের কর্মচারী লক্ষণ দাশকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর লক্ষণ দাশ পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটিকে ‘ধর্ষণের পর হত্যার বিষয়টি স্বীকার করে’। আদালতেও ‘দায় স্বীকার করে’ জবানবন্দি দেন।

এ মামলায় ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।

আরো পড়ুন-

চিপস কিনতে বেরিয়েছিল শিশুটি, ৩ দিন পর মিলল বস্তাবন্দি লাশ