২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কিংবদন্তি’ কোহলিকে ধন্যবাদ পাকিস্তানি পেসারের

কোহলির সঙ্গে কথা বললেই অনেক কিছু শেখা যায়, বলছেন পাকিস্তানের পেসার হারিস রউফ।

‘কিংবদন্তি’ কোহলিকে ধন্যবাদ পাকিস্তানি পেসারের

হারিস রউফকে সই করা নিজের একটি জার্সি দেন বিরাট কোহলি। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 09:25 PM

Updated : 03 Sep 2022, 09:40 PM

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিসিসিআই। সেখানে দেখা যায়, মাঠের পাশে বিরাট কোহলির সঙ্গে কথা বলছেন হারিস রউফ। পরে পাকিস্তানের এই পেসারকে সই করা নিজের একটি জার্সি উপহার দেন ভারতীয় ব্যাটসম্যান। আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হওয়ার আগে সেই জার্সির সূত্র ধরে কোহলির প্রতি কৃতজ্ঞতা জানালেন রউফ।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির যা অর্জন তাতে নিজেকে তিনি নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। যদিও এবারের এশিয়া কাপের আগে তার পড়তি ফর্ম নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল অনেক। দলে জায়গা নিয়েও উঠছিল প্রশ্ন।

এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর দিয়েই দেড় মাসের বিরতির পর তিনি মাঠে ফেরেন। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে রান তাড়ায় ৩৪ বলে করেন ৩৫ রান। পরের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৫৯।

ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াই মানেই বিশ্বজুড়ে দর্শক-সমর্থকদের মাঝে কাজ করে বাড়তি উন্মাদনা। চলে দুই দলের সাবেক ক্রিকেটারদের কথার লড়াই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। একই মাঠে গত রোববার এশিয়া কাপের ম্যাচে আর পারেনি তারা। ১৪৭ রান করে ম্যাচ হারে ৫ উইকেটে।

দুবাইয়ে দুই দল রোববার আবার মুখোমুখি হচ্ছে সুপার ফোরের ম্যাচে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য থাকা রউফ শনিবার সংবাদ সম্মেলনে বলেন, তাদের কাছে লড়াইটা শুধুই একটি ম্যাচের।

অনেক আগেই কোহলির কাছে একটি জার্সি চেয়েছিলেন তিনি। সেই চাওয়া পূরণ করায় কোহলিকে ধন্যবাদ দেন ২৮ বছর বয়সী এই পেসার।

“খেলাকে আমরা স্রেফ খেলা হিসেবেই দেখি। বিরাট ভাই সেরা খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে তিনি যেভাবে পারফর্ম করেছেন, তিনি এই খেলার একজন কিংবদন্তি। তার সঙ্গে কথা বললেই অনেক কিছু শেখা যায়।”

“তার সই করা একটি জার্সি তিনি আমাকে দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। অনেক আগে একটি জার্সির জন্য তার কাছে অনুরোধ করেছিলাম আমি, তাই তিনি ওই ম্যাচের পরে আমাকে জার্সি দিয়েছেন, সত্যিই দারুণ ছিল এটি।”