২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু রশিদ-মুজিবের স্পিন নয়, পেস দিয়েও বাংলাদেশকে ঘায়েল করতে চায় আফগানিস্তান

ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমারজাইয়ের পাশাপাশি অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসারকে নিয়েও বড় আশা হাশমতউল্লাহ শাহিদির।

শুধু রশিদ-মুজিবের স্পিন নয়, পেস দিয়েও বাংলাদেশকে ঘায়েল করতে চায় আফগানিস্তান

চট্টগ্রামে মঙ্গলবার অনুশীলনে আফগানরা।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 07:17 PM

Updated : 05 Jul 2023, 10:21 AM

‘সারা বিশ্ব জানে, আফগানিস্তানে সেরা স্পিনাররা আছে। তো (বাংলাদেশের চেয়ে) স্পিনে আফগানিস্তানই এগিয়ে’- আত্মবিশ্বাস নিয়েই কথাটি বলেন হাশমতউল্লাহ শাহিদি। রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবিদের নিয়ে নতুন করে বলার আছে সামান্যই। বাংলাদেশের চেয়ে নিজেদের স্পিন আক্রমণকে এগিয়ে রাখার পাশাপাশি আফগান অধিনায়ক জানিয়ে দিলেন, তোপ দাগাতে চান তারা পেস বোলিংয়েও।

সাদা বলের ক্রিকেটে দীর্ঘ দিন ধরে আফগানিস্তানের বোলিং আক্রমণের মূল শক্তি স্পিনাররা। রশিদ, মুজিব, নবিদের নিয়ে সাজানো স্পিনত্রয়ী পরীক্ষা নিতে পারে এমনকি বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপেরও।

বাংলাদেশের বিপক্ষেও তাদের পরিসংখ্যান বেশ ঝলমলে। এখন পর্যন্ত ৯ ওয়ানডেতে ১৫ উইকেট নিয়েছেন রশিদ। ১১ ম্যাচে নবি ধরেছেন ১৪ শিকার। রহস্য স্পিনার মুজিবের ঝুলিতে ৬ ম্যাচে ৭ উইকেট। তিনজনই খরচ করেছেন ওভারপ্রতি চার রানের কম। 

তবে গত বছরের ফেব্রুয়ারিতে দুই দলের সবশেষ সিরিজে উত্থান হয় বাঁহাতি পেসার ফজলহক ফারুকির। চট্টগ্রামেই প্রথম ওয়ানডেতে নতুন বলে বাংলাদেশের টপ-অর্ডার গুঁড়িয়ে দেন তরুণ পেসার। এছাড়া পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমারজাই দুই ম্যাচে সুযোগ পেয়ে রান দেন ওভারপ্রতি পাঁচের কম। ওই সিরিজটি বাংলাদেশ জিতলেও পেসারদের পারফরম্যান্স ছিল আফগানিস্তানের জন্য ইতিবাচক।

এবার আরেকটি সিরিজেও যে তারা পেস বোলিংয়ে জোর দিচ্ছে, সেটি ফুটে উঠছে স্কোয়াডে ৫ পেসার নেওয়াতেই। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনেও পেসারদের ওপর অগাধ আস্থার কথা বললেন অধিনায়ক শাহিদি।  

“আমরা এবার অন্য পেসারদেরও এনেছি। কয়েকজন ছেলের এখনও অভিষেক হয়নি। গত বছরের তুলনায় এবার আমাদের আরও ভালো পেসার রয়েছে। আমরা এবার পাঁচ জন পেসার এনেছি। তারা ভালো। আমি আশাবাদী, তারা নিজেদের প্রমাণ করবে।”

“আগে আমাদের ভালো স্পিনার ছিল। এখন আমাদের ফজলহক, আজমতের মতো পেসার আছে, যারা ভালো করছে। এছাড়া আমরা নতুন ছেলে ওয়াফাদার মোমান্দকে এনেছি, যার গতি ভালো। সালিম সাফিরও গতি ভালো। এটি আমাদের বাড়তি সুবিধা দেবে। এবার ভালো স্পিনারদের সঙ্গে আমাদের ভালো পেসাররাও আছে।”

আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত দুইটি টেস্ট খেলেছেন মোমান্দ। সাদা বলের ক্রিকেটে এখনও অভিষেক হয়নি তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮ ম্যাচে ২৩ বছর বয়সী এই পেসারের শিকার ১৮ উইকেট। 

সাফির এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫ ম্যাচ খেলে ২৫ উইকেট নিয়েছেন ২০ বছর বয়সী পেসার। এই দুই পেসারকে আফগানিস্তানের ভবিষ্যৎ হিসেবে দেখছেন শাহিদি।

“আমাদের দলে দুজন পেসার আছে। একজন ওয়াফাদার, যে আফগানিস্তানের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছে। অন্যজন সালিম শফিক। আমি অনেক আত্মবিশ্বাসী যে তারা এখানে ভালো ক্রিকেট খেলবে এবং ভবিষ্যতেও আফগানিস্তানের হয়ে ভালো করবে।”

আফগানিস্তানের পেসারদের সম্পর্কে সতর্ক বাংলাদেশও। অতীতে তাদের স্পিনের সামনে কঠিন পরীক্ষায় দিলেও, এখন পেসাররাও যে কম যান না, সংবাদ সম্মেলনে তা মনে করিয়ে দেন তামিম ইকবাল।

“গত সিরিজে স্পিনের চেয়ে ওদের পেসাররা ভাল করেছিল। এজন্য আমরা শুধু স্পিন নিয়ে করছি না। ওদের পেসাররাও ভাল। যেমনটা বললাম ওদের বোলিং আক্রমণ পুরোপুরি ভাল। ওদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা খেলাটা দিয়েই জিততে হবে।”