২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিভার্স সুইপ যখন রক্ষণাত্মক শটের মতোই নিরাপদ

আগেরবার ভারত সফরে ৮ ইনিংসে মোট ১৫৩ রান করা ইংলিশ ব্যাটসম্যান অলিভার পোপ এবার ভারতীয় স্পিনারদের গুঁড়িয়ে ১৯৬ রানের অসাধারণ ইনিংস খেলার পর বললেন, আগ্রাসী ব্যাটিংয়ে ভরসা রেখেই এই সাফল্য পেয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2024, 11:25 AM

Updated : 29 Jan 2024, 03:30 PM

রোহিত শার্মার চোখে ইনিংসটি ভারতের কন্ডিশনে সফরকারী কোনো ব্যাটসম্যানের সেরা ইনিংসগুলো একটি। বেন স্টোকস সরাসরিই বলে দিয়েছেন, উপমহাদেশে কোনো ইংলিশ ব্যাটসম্যানের সর্বকালের সেরা ইনিংসগুলোর একটি এটি। রাহুল দ্রাবিড় রায় দিয়েছেন, এই কন্ডিশনে এমন মানসম্পন্ন বোলিংয়ের বিপক্ষে সুইপ ও রিভার্স সুইপের এত ভালো প্রদর্শনী আর দেখেননি তিনি। হায়দরাবাদ টেস্টে অলিভার পোপের ইনিংসটি এতটাই মুগ্ধতার জন্ম দিয়েছে।

প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডকে স্মরণীয় এক জয়ের মঞ্চ তৈরি করে দিয়েছে পোপের এই ইনিংসটিই। ২০২১ সালের ভারত সফরে ৮ ইনিংসে একবারও ৩৫ ছুঁতে পারেননি তিনি। সিরিজে তার মোট রান ছিল ১৫৩। এবার এক ইনিংসেই করে ফেললেন ১৯৬!

এবারও প্রথম ইনিংসে যে ৮ মিনিট ক্রিজে ছিলেন, একটুও স্বস্তিতে খেলতে পারেননি। বাজেভাবেই আউট হয়ে যান ১ রান করে। তবে দ্বিতীয় ইনিংসে দেখা যায় ভিন্ন এক পোপকে। টার্নিং উইকেটে স্পিনের সামনে যাকে এতদিন মনে হয়েছে অসহায়, সেই তিনিই মেলে ধরেন দুর্দান্ত টেকনিক ও অসাধারণ সব শটের প্রদর্শনী। বিশেষ করে, সুইপ ও রিভার্স সুইপ খেলে তিনি এলোমেলো করে দেন ভারতীয় স্পিনারদের।

পোপের ব্যাটিং দেখে বোঝার উপায় ছিল না, এই ম্যাচ দিয়েই ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি। গত জুনে অ্যাশেজে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর কাঁধে বড় একটা অস্ত্রোপচার হয় তার। এতটা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা আদর্শ নয় অবশ্যই। তবে হায়দরাবাদে ম্যাচ জেতানো ইনিংসের পর পোপ জানালেন, বাইরে থাকার সময়টাতেই ভারতের কন্ডিশনে নিজেকে পোক্ত করতে কাজ করেছেন তিনি।

“ক্যারিয়ারজুড়েই আমি নানাসময়ে (টেকনিক) ঝালাই করেছি। এই সিরিজের জন্য সুনির্দিষ্ট করে টেকনিক কিছুটা বদলেছি। কাঁধের অস্ত্রোপচার করাতে হয়েছে আমাকে, এই সিরিজের জন্য তাই লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে পেরেছি এবং তিন বছর আগে এখানে সফর করার সময় যা করেছি, সেখানে এবার কিছু বদল এনেছি। নিজের খেলা নিয়ে কাজ করেছি এবং চেষ্টা করেছি, টেকনিক এই কন্ডিশনের উপযোগী করে তুলতে।”

গতবারের সফরের অভিজ্ঞতা থেকেই পোপ বুঝতে পেরেছেন, এই ধরনের টার্নিং উইকেটে স্রেফ রক্ষণাত্মক শটের ওপর নির্ভর করে টিকে থাকা যাবে না। এজন্যই এবার পরিকল্পনায় বদল এনেছেন তিনি।

“গতবারও ভয়ানক কিছু উইকেটে আমাদের খেলতে হয়েছিল এবং এরপর উপলব্ধি করেছি, এই কন্ডিশনে সবসময়ই বিপদের হাতছানি আছে। আমার জন্য সবচেয়ে বড় বিপদের জায়গা, ব্যাটের বাইরের কানা। বল যদি টার্ন করে বাইরে চলে যায়, আমার ব্যাটের কানা ছুঁয়ে যদি স্লিপে যায় বল, তাহলে সেটাকে মেনে নিয়েই ভাবতে হবে আমাকে।”

“আমার জন্য তাই ব্যাপারটি ছিল, ব্যাটের ভেতরের কানা সামাল দেওয়া এবং সুইপ ও রিভার্স সুইপ করে বোলারের ওপর চাপ ফিরিয়ে দেওয়া। যে বোলারদের মুখোমুখি হচ্ছি, তারা খুবই দক্ষ। প্রতিটি বল কোথায় পিচ করছে, সেই ধারণা করতেই পারি। ক্রস ব্যাটে খেলার চেয়েও বেশি ঝুঁকি থাকে সম্ভবত প্রতিটি বলই ঠেকাতে গেলে।”

সুইপ-রিভার্স সুইপের ঝুঁকিপূর্ণ শট খেলতে দল থেকেও কোনো বাধা নেই বলে জানালেন পোপ। বরং এই কন্ডিশনের জন্য এসব শটকে তারা নিরাপদ বলেই মনে করেন।

“এই শটগুলি আমরা অনেক অনুশীলন করি এবং রিভার্স সুইপ খেলে যদি কেউ শূন্য রানে আউটও হয়, ড্রেসিং রুমে এটা নিয়ে খুব একটা কথা হবে না। যে কেউ মাঠে নেমে এই শটের ওপর নির্ভর করতে পারে আমাদের দলে।”

“এই ইনিংসে প্রথম ২০ রান আমি খুব একটা আস্থায় করতে পারিনি। তখন ভাবছিলাম, ‘ব্যাটের মাঝখানে লাগছে না কেন!’ তবে ব্যাপারটা হলো, এখানে সুইপ বা রিভার্স সুইপ খেলা রক্ষণাত্মক শটের মতোই নিরাপদ। বোলারদের ভালো ডেলিভারিতেও যদি রিভার্স সুইপ খেলে চার মারতে পারি, যদি এই শট ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলে বোলারদের কাছ থেকে আলগা বল বেশি পাওয়ার সুযোগ তৈরি হয়, আরও বেশি শর্ট বল ও হাফ ভলি ডেলিভারি পাওয়া যায় তখন।”

তবে সিরিজের মাত্রই শুরু। আরও চারটি টেস্ট বাকি আছে। ভারত নিশ্চয়ই পোপকে ঠেকাতে আরও কার্যকর কোনো পরিকল্পনা বের করবে। কঠিন চ্যালেঞ্জ তাই তার অপেক্ষায়। সেরকম কিছুর ইঙ্গিতও দিয়ে রাখলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।

“অসাধারণ এক ইনিংস এটা। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা কীভাবে জবাব দেব এবং কোন পরিকল্পনা ও কৌশল নিয়ে আসব। ভেবে দেখতে হবে, আরও কঠিন লেংথ থেকে তাকে এই শটগুলি খেলতে আমরা কতটা বাধ্য করতে পারি এবং কতটা সুশৃঙ্খল আমরা হতে পারি। আশা করি, পরের টেস্টে আমরা যদি আরও ভালোভাবে তা করতে পারি, তাহলে হয়তো সে ভুল করবে।”