২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওকসের দারুণ বোলিংয়ের পর ম্যাচ পরিত্যক্ত

দফায় দফায় বৃষ্টি হানা দিয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে।

ওকসের দারুণ বোলিংয়ের পর ম্যাচ পরিত্যক্ত

উল্লাস করছেন ক্রিস ওকস ও তার সতীর্থরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 07:38 PM

Updated : 14 Oct 2022, 08:39 PM

বৃষ্টির বাগড়ায় ছোট হয়ে আসা ম্যাচে ব্যাট হাতে দলকে সামনে থেকে পথ দেখান জস বাটলার। বিস্ফোরক এক ইনিংসে এনে দেন লড়ার মতো পুঁজি। এরপর ক্রিস ওকসের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরে জয়ের আশা জাগায় ইংল্যান্ড। কিন্তু বৃষ্টিতে ভেস্তে গেল সব। 

ক্যানবেরায় শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ ঘরে তোলে ইংল্যান্ড। 

দফায় দফায় বৃষ্টির হানায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১২ ওভারে। টস হেরে আগে ব্যাটিং করা ইংল্যান্ড দুই উইকেট হারিয়ে করে ১১২ রান। লক্ষ্য তাড়ায় ৩.৫ ওভারে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৩০ রান তুলতেই আর খেলা সম্ভব হয়নি। 

৪১ বলে ১ ছক্কা ও ৭ চারে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেন বাটলার। সিরিজের প্রথম ম্যাচে করেন ৬৮ রান। চোট কাটিয়ে ফেরার সিরিজে সেরার পুরস্কার জেতেন ইংলিশ অধিনায়ক। 

দুর্দান্ত বোলিংয়ে দুই ওভারে স্রেফ ৪ রান দিয়ে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নেন পেসার ওকস। 

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে অ্যালেক্স হেলকে হারায় ইংল্যান্ড। এরপর দলকে টানেন বাটলার ও দাভিদ মালান। পাওয়ার প্লেতে তাদের ব্যাটে ৪৭ রান তোলে ইংল্যান্ড। 

সপ্তম ওভারে বৃষ্টি প্রথম হানা দেয়। ৪৫ মিনিট অপেক্ষার পর খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৭ ওভারে। কিছুক্ষণ পর বিদায় নেন মালান (৪ চারে ২৩)। 

দশম ওভারে আবার বৃষ্টির বাধায় খেলা হয়নি আধা ঘণ্টা। পরে ১২ ওভারে নেমে আসা ম্যাচে একাদশ ওভারে হেইজেলউডের ওপর ঝড় বইয়ে দেন বাটলার। মারেন তিন চারের সঙ্গে এক ছক্কা। ওই ওভারে ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।

রান তাড়ায় নামা অস্ট্রেলিয়ার প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ওকস। অধিনায়ক অ্যারন ফিঞ্চ আর মিচেল মার্শ দেন ক্যাচ। 

হ্যাটট্রিক করতে না পারলেও ওকস পরের ওভারে ফিরিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েলকে। ১৭ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। 

চতুর্থ ওভারে তৃতীয় দফায় নামে বৃষ্টি। এরপর আর খেলাই সম্ভব হয়নি। 

সংক্ষিপ্ত স্কোর: 

ইংল্যান্ড: ১২ ওভারে ১১২/২ (বাটলার ৬৫*, হেলস ০, মালান ২৩, স্টোকস ১৭*; স্টার্ক ২-০-১১-০, হেইজেলউড ৩-০-৩৬-১, কামিন্স ৩-০-২৩-১, জ্যাম্পা ২-০-১৭-০, ম্যাক্সওয়েল ২-০-২১-০) 

অস্ট্রেলিয়া: ৩.৫ ওভারে ৩০/৩ (ফিঞ্চ ০, ম্যাক্সওয়েল ৮, মার্শ ০, স্মিথ ৭*, স্টয়নিস ৮*; ওকস ২-০-৪-৩, টপলি ১-০-৯-০, উইলি ০.৫-০-১২-০) 

ফল: ম্যাচ পরিত্যক্ত 

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-০তে জয়ী ইংল্যান্ড 

ম্যান অব দা সিরিজ: জস বাটলার