খাওয়াজার ‘প্রথম’ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার লড়াই
মাস্টারক্লাস ব্যাটিংয়ে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন অস্ট্রেলিয়ান ওপেনার।
বেন স্টোকসের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে লেট কাট শট খেলে চিৎকার দিয়ে উঠলেন উসমান খাওয়াজা। বল বাউন্ডারিতে পৌঁছানোর আগেই দুই হাত উঁচিয়ে শুরু করে দিলেন উদযাপন। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরি বলে কথা। তাও সেটা দলের খুব প্রয়োজনের সময়। সঙ্গে ট্রাভিস হেড ও অ্যালেক্স কেয়ারির ফিফটিতে স্বাগতিকদের বিপক্ষে দারুণ লড়ছে অস্ট্রেলিয়া।
এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ৩১১। ইংলিশদের চেয়ে তারা আর পিছিয়ে ৮২ রানে।
ক্যারিয়ারের পঞ্চদশ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে একাই টানছেন খাওয়াজা। দুর্দান্ত ব্যাটিংয়ে ২ ছক্কা ও ১৪ চারে ১২৬ রানে অপরাজিত আছেন এই ওপেনার। উইকেটে তার সঙ্গী কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারি খেলছেন ১ ছক্কা ও ৭ চারে ৫২ রানে।
সহজাত আগ্রাসী ব্যাটিংয়ে ১ ছক্কা ও ৮ চারে ঠিক ৫০ রান করেন টেস্ট র্যাঙ্কিংয়ের তিন নম্বর ব্যাটসম্যান ট্রাভিস হেড।
বার্মিংহামে দিনের খেলা শুরুর আগে হানা দেয় বৃষ্টি। মেঘলা আকাশের নিচে ৫ মিনিট দেরিতে শুরু হয় খেলা। সহায়ক কন্ডিশনে ইংল্যান্ডকে দ্রুত সাফল্য এনে দেন স্টুয়ার্ট ব্রড, চমৎকার বোলিংয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। যদিও শেষ পর্যন্ত পাননি সেই স্বাদ।
একাদশ ওভারে ব্রডের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে আনেন ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালের অ্যাশেজে এই অস্ট্রেলিয়ান ওপেনারকে ৭ বার আউট করেছিলেন ব্রড। এবার প্রথম ইনিংসেই বাঁহাতি এই ব্যাটসম্যানকে ফেরালেন তিনি, সব মিলিয়ে ১৫ বার।
পরের ডেলিভারিটি ব্রড করেন অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ। সুইং করে বেরিয়ে যাওয়া বলটি ছেড়ে দিলেও পারতেন মার্নাস লাবুশেন। কিন্তু ব্যাট চালিয়ে জনি বেয়ারস্টোর দারুণ ক্যাচে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।
বিনা উইকেটে ১৮ রান নিয়ে শনিবার খেলতে নামা অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ২ উইকেটে ২৯। থিতু হয়ে ফিরে যান স্টিভেন স্মিথও। স্টোকসের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে তারকা এই ব্যাটসম্যানকে ফেরায় ইংল্যান্ড।
৬৭ রানে ৩ উইকেট হারানো দলকে টানেন খাওয়াজা ও হেড। তাদের জুটিতে দ্রুত আসতে থাকে রান। দুই ব্যাটসম্যানই আক্রমণ চালান অবসর ভেঙে টেস্ট দলে ফেরা মইন আলির ওপর।
মইনের অফ স্পিনেই অবশ্য ভাঙে তাদের ৮১ রানের জুটি। বেরিয়ে এসে উড়িয়ে খেলার চেষ্টায় ব্যাটে-বলে ঠিকমতো করতে না পেরে শর্ট মিডউইকেটে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান হেড।
ওই ওভারে এক বল পর ক্যামেরন গ্রিনকেও ফেরানোর সুযোগ পায় ইংল্যান্ড। কিন্তু স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন বেয়ারস্টো। পরে মইনের দুর্দান্ত এক ডেলিভারিতে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হয়ে ফেরেন গ্রিন, ৩৮ রান করে। ভাঙে খাওয়াজার সঙ্গে তার ৭২ রানের জুটি।
পরের ওভারেই স্টোকসকে চার মেরে ৯৮ রান থেকে তিন অঙ্কে পা রাখেন খাওয়াজা, ১৯৯ বলে। অ্যাশেজে এ নিয়ে চতুর্থ শতক করলেন ৩৬ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান।
কেয়ারি খেলে যান নিজের মতো করে। জোনে পেলেই বাউন্ডারিতে হাঁকান এই কিপার-ব্যাটসম্যান। খাওয়াজা খেলতে থাকেন দেখেশুনে। জমে ওঠে দুজনের জুটি।
তাদের প্রতিরোধ ভাঙার সুযোগ পায় ইংল্যান্ড। কিন্তু এবারও গড়বড় করেন বেয়ারস্টো। জো রুটের বলে তখন ২৬ রানে থাকা কেয়ারির ক্যাচ গ্লাভসে জমাতে পারেননি তিনি।
দ্বিতীয় নতুন বল নিয়ে প্রথম ডেলিভারিতেই চমৎকার ইনসুইংয়ে খাওয়াজার স্টাম্প ভেঙে দেন ব্রড। কিন্তু বলটি ফ্রন্ট ফুট ‘নো’ হওয়ায় ১১২ রানে বেঁচে যান খাওয়াজা।
দিনের শেষ দিকে ৬৯ বলে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট ফিফটিতে পা রাখেন কেয়ারি। খাওয়াজার সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটি ৯১ রানের। এই দুইজনের ব্যাটেই তৃতীয় দিনে ভালো কিছুর আশায় থাকবে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৯৩/৮ ডিক্লে.
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯৪ ওভারে ৩১১/৫ (আগের দিন ১৪/০) (ওয়ার্নার ৯, খাওয়াজা ১২৬*, লাবুশেন ০, স্মিথ ১৬, হেড ৫০, গ্রিন ৩৮, কেয়ারি ৫২*; ব্রড ১৬-৩-৪৯-২, রবিনসন ১৭-১-৪৯-০, অ্যান্ডারসন ১৫-৫-৩০-০, ব্রুক ৩-১-৫-০, মইন ২৯-৪-১২৪-২, স্টোকস ৭-০-৩৩-১)
