‘সাকিব বিপিএলের দায়িত্ব চাইলে সামনের বছর থেকেই আসুক’
বিপিএল নিয়ে সাকিব আল হাসানের মন্তব্যের সূত্র ধরে তাকে দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়ে রাখলেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান।
সাকিব আল হাসান চাইলে সামনের বছর থেকেই বিপিএলের প্রধান নির্বাহী হিসেবে কাজ করতে পারেন, জানিয়ে দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। বিপিএল পরিচালনার দায়িত্বে থাকা এই কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বললেন, বিপিএল নিয়ে সাকিবের নেতিবাচক নানা মন্তব্য টুর্নামেন্টের প্রচারণার জন্যই ভালো।
বরাবরের মতোই নানা অব্যবস্থাপনা ও অসঙ্গতিকে সঙ্গী করেই শুক্রবার শুরু হয়েছে বিপিএলের নবম আসর। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে বিস্ফোরক সব মন্তব্যে আলোড়ন ফেলে দেন সাকিব। বিপিএল আয়োজনের নানা ঘাটতি ও দুর্বলতা নিয়ে কড়া সমালোচনা করে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক জোর দিয়ে বলেন, তাকে প্রধান নির্বাহীর দায়িত্ব দিলে দুই-এক মাসের মধ্যে সব ঠিকঠাক করে ফেলবেন।
পরে বৃহস্পতিবার সাকিবের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, বিপিএলকে বলেন ‘হ-য-ব-র-ল’ টুর্নামেন্ট।
চারপাশে তুমুল সমালোচনার মধ্যেই শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বিপিএল গভর্নিং কাউন্সিল। দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের সমালোচনাকে বরণ করেই নিলেন বিপিএলের সদস্য সচিব। পাশাপাশি শোনালেন বাস্তবতার কথাও।
“এখানে আসার আগে সাকিব আমাদের সঙ্গে কথা বলছিল। একটু আগে মাশরাফির সঙ্গে কথা বললাম। আমরা সবাই একই পরিবারের লোক। দ্বিমত তো থাকতেই পারে।”
“সাকিব তো আমাদেরই একজন। পরিবর্তন তো আমরাও চাই। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে, আমাদের আর্থিক কাঠামো কেমন। লভ্যাংশ ভাগাভাগি যদি করতে চাই, তাহলে ফ্র্যাঞ্চাইজি ফি দেড় কোটি টাকা না নিয়ে আমাদেরকে পিএসএলের মতো নিতে হবে ২৫ কোটি। এত টাকা নিয়ে তার পর ভাগাভাগি করতে পারি। সেটা ভিন্ন মডেল।”
ডিআরএস না থাকা, বিপিএলের ব্র্যান্ডিং ও বিপণনে দুর্বলতা, এসব নিয়েও পুরনো কথাগুলিই লম্বা সময় ধরে নতুন করে বলে গেলেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব।
দায়িত্ব পেলে সব ঠিক করে দেবেন বলে যে মন্তব্য সাকিব করেছেন, সেই প্রসঙ্গে তাকে আমন্ত্রণ জানিয়ে রাখলেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
“সাকিব আগ্রহ প্রকাশ করেছে, আমি প্রথমে সাকিবকে স্বাগত জানাই। ও বিপিএলের সিইও হিসেবে আসতে চায়। গভর্নিং কাউন্সিলে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর এসে দায়িত্ব পালন করুক। আমরা তাকে ধন্যবাদ জানাই সে সিইও হিসেবে আসতে চায়। পরবর্তী বছরে সে সিইও হিসেবে আসুক। বিপিএলে কাজ করুক, আমাদের সাহায্য করুক।”
“এখন তো সে খেলছে। এখন সে খেলা ছেড়ে আসতে পারবে না। সে পরের বছরে চলে আসুক।”
বিপিএল নিয়ে সাকিবের নানা মন্তব্যের একটি ছিল, এই টুর্নামেন্টের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগও অনেক গোছানো হয়। সেই কথার সূত্র ধরে সাকিবের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ইসমাইল হায়দার মল্লিক।
“আমি তো দেখি সাকিব ঢাকা প্রিমিয়ার লিগের অনেক খেলা মিস দেয়। কিন্তু বিপিএল তো কখনও মিস দেয় না। ওকে যদি পাল্টা প্রশ্ন করি, ঢাকা লিগের খেলা কেন খেলেনি? ও বলছে যে, ঢাকা লিগের থেকে বিপিএল খারাপ। কিন্তু বিপিএলের কোনো আসরের খেলা তো বাদ দেয়নি।”
বিপিএলের নানা দিক থেকে দীর্ঘ আলোচনার শেষ প্রান্তে ইসমাইল হায়দার মল্লিক হয়তো পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলেন হাসিমুখে হালকা চালের কথায়।
“যত কথা হবে, তত পাবলিসিটি। ধরুন, সাকিব যদি বিপিএল নিয়ে এত কথা না বলতো, তাহলে কি এত পাবলিসিটি হতো! পজিটিভ-নেগেটিভ যে কোনো আলোচনাই ভালো।”
