২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক সাকিবের এশিয়া কাপ প্রস্তুতি শুরু

বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার পর দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং দিয়ে প্রস্তুতি পর্ব শুরু করলেন এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2022, 05:52 PM

Updated : 02 Sep 2022, 02:09 AM

বিতর্কের অধ্যায় আপাতত অতীত। সামনে অপেক্ষায় এশিয়া কাপের চ্যালেঞ্জ। কাঁধে নেতৃত্বের ভার। টি-টোয়েন্টিতে ধুঁকতে থাকা দলকে উজ্জীবিত করে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব। পুরনো চ্যালেঞ্জ নতুন করে নিয়ে সাকিব আল হাসান শুরু করলেন তার প্রস্তুতি।

অনলাইন বেটিং সাইটের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের পর শনিবার সাকিব আল হাসানকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক ঘোষণা করে বিসিবি। রোববার সকালে তাকে দেখা গেল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ছবিতে দেখে নেওয়া যাক তার প্রস্তুতি পর্বের কয়েক ঝলক।

Image

ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হলো তার প্রস্তুতি। মাঠে এসে জিমে অনেকটা সময় কাটান তিনি। এরপর অনুশীলনে আসা আরও কয়েক ক্রিকেটারের সঙ্গে আড্ডা দেন একাডেমি মাঠে। পরে রানিং অনুশীলন করেন তিনি মূল মাঠে।

Image

বাংলাদেশের সবশেষ জিম্বাবুয়ে সফরে যাননি তিনি। ছুটিতে ছিলেন আসলে গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ থেকেই। পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরে আগে তিনি মনোযোগ দিচ্ছেন ফিটনেস ট্রেনিংয়ে।

Image

ছুটিতে থাকার সময়টায় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে কাটিয়েছেন তিনি। মাঠ থেকে লম্বা সময় পর দূরে থাকায় ফিটনেসের ঘাটতি থাকা স্বাভাবিক। মাঠে ফেরার দিনটিতে ক্লান্তি পেয়ে বসল তাকে।

Image

মাঠে ফেরার পর শুরুর দিনগুলির ফিটনেস ট্রেনিংই সবচেয়ে কঠিন। শরীরকে আবার বশে আনা ও তৈরি করার লড়াই। সাকিবের শরীরী ভাষাতেও ফুটে উঠছে সেটির ছাপ।

Image

টানা রানিং সেশনের পর একটু স্বস্তি পাওয়ার চেষ্টায়। ক্লান্ত সাকিব পানি পানের পর চোখ-মুখে পানি ছিটিয়ে জিরিয়ে দিলেন খানিকটা।

Image

প্রথম দিনের রানিং সেশনের সমাপ্তি। ক্লান্ত সাকিব ফিরছেন ড্রেসিং রুমে। এ দিন ব্যাটিং-বোলিং কিছু করেননি তিনি। স্কিল ট্রেনিং শুরু করবেন দুই-তিন দিনের মধ্যেই।