২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিত-কোহলিকে টি-টোয়েন্টিতে ফেরাল ভারত

দলে আরও ফিরেছেন সাঞ্জু স্যামসন, তবে জায়গা হয়নি লোকেশ রাহুলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 09:09 PM

Updated : 07 Jan 2024, 09:33 PM

এক বছরের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন রোহিত শার্মা ও ভিরাট কোহলি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই সংস্করণে দেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি দুই তারকা ব্যাটসম্যান। আরেকটি বিশ্বকাপের আগে ডাক পেলেন ভারত দলে।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য রোববার ১৬ জনের স্কোয়াড দিয়েছে ভারত। নিয়মিত অধিনায়ক রোহিতের অনুপস্থিতিতে এতদিন এই সংস্করণে ভারতকে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়া ও সুরিয়াকুমার ইয়াদাভ চোটের কারণে এই সিরিজে নেই।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর এই সংস্করণে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ মিলছিল না রোহিত ও কোহলির। টি-টোয়েন্টিতে তাদের দলে না রাখা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। অবশেষে বিশ্বকাপের আগে দুই অভিজ্ঞ ক্রিকেটারের শরণাপন্ন হলো ভারত।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের পরিকল্পনায় আছেন রোহিত ও কোহলি। তাই কদিন আগে কেপ টাউন টেস্ট চলাকালে তাদের সঙ্গে কথা বলতে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। এরপরই দলে ফেরানো হলো এই দুই ব্যাটসম্যানকে। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে ভারতকে নেতৃত্ব দেওয়া পান্ডিয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে লিগামেন্টের চোটে পড়েন। এরপর নেতৃত্ব দেওয়া হয় সুরিয়াকুমারকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ও দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টি-টোয়েন্টি তার নেতৃত্বে খেলে ভারত। জোহান্সবার্গে শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় তিনিও চোট পান, পরে অ্যাঙ্কেলে অস্ত্রোপচার করাতে হয় তার। অনুশীলনে ফিরতে অন্তত দুই মাস সময় লাগবে এই বিধ্বংসী ব্যাটসম্যানের।

আইপিএলে দিয়ে পান্ডিয়া ও সুরিয়াকুমারের মাঠে ফেরার আশায় আছে ভারত।

দলে আরও ফিরেছেন কিপার-ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। গত অগাস্টের আয়ারল্যান্ড সিরিজের পর আবার এই সংস্করণে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তার সামনে।

আঙুলের চোট থেকে সেরে না ওঠায় রুতুরাজ গায়কোয়াড়কে রাখা হয়নি আফগানিস্তান সিরিজের দলে। জায়গা হয়নি কিপার-ব্যাটসম্যান লোকেশ রাহুলের। বিশ্রাম নিতে আগেই নিজেকে সরিয়ে নেন আরেক উইকেটরক্ষক ইশান কিষান।

ভারতের বিপক্ষে প্রথমবার এই সংস্করণে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। টি-টোয়েন্টি তিনটি হবে আগামী ১১, ১৪ ও ১৭ জানুয়ারি।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে। আফগানদের বিপক্ষে রাখা হয়নি শ্রেয়াস আইয়ার ও রবীন্দ্র জাদেজাকেও।

ভারতের টি-টোয়েন্টি দল: রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল, ইয়াশাসবি জয়সওয়াল, ভিরাট কোহলি, তিলাক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শার্মা, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, রাভি বিষ্ণই, কুলদিপ ইয়াদাভ, আর্শদিপ সিং, আভেশ খান, মুকেশ কুমার।