Published : 12 Apr 2023, 01:26 PM
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হতাশাজনক পারফরম্যান্সের খেসারত দিতে হচ্ছে কোর্টনি ওয়ালশকে। মেয়েদের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে কিংবদন্তি এই ফাস্ট বোলারের সঙ্গে নতুন চুক্তি করছে না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
প্রধান কোচের ভাগ্য মেনে নিতে হচ্ছে দুই সহকারী কোচ সাবেক ব্যাটসম্যান রবার্ট স্যামুয়েলস ও সাবেক পেসার কোরি কলিমোরকেও। কারো চুক্তিই নবায়ন করা হচ্ছে না।
টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট শিকারি প্রথম বোলার ওয়ালশ ২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন। ২০১৯ বিশ্বকাপ দিয়ে শেষ হয় তার মেয়াদ। পরে আর তার চুক্তি বাড়ায়নি বিসিবি। ২০২০ সালের অক্টোবরে তিনি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান।
তার কোচিংয়ে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে দেশে ও পাকিস্তানের মাঠে সিরিজ জয় করে ওয়েস্ট ইন্ডিজ। ২০২২ ওয়ানডে বিশ্বকাপে ক্যারিবিয়ান মেয়েরা খেলে ফাইনালে। তবে গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নক আউট পর্বের আগেই বিদায় নেয় ক্যারিবিয়ানরা।
ওয়ালশের কোচিংয়ে সব মিলিয়ে ২৪ টি-টোয়েন্টির কেবল ৭টি জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ, ৩২ ওয়ানডেতে জয় কেবল ১১টি।
ওয়ালশের কোচিংয়ের সময়টায় উল্লেখযোগ্য ঘটনা ছিল দলের বড় তারকা ডেন্ড্রা ডটিনের অবসর। গত অগাস্টে আচমকাই মাত্র ৩১ বছর বয়সে জাতীয় দলকে বিদায় জানান এই অলরাউন্ডার। সেসময় সামাজিক মাধ্যমে ডটিন লিখেছিলেন দলের ভেতরের অসহনীয় আবহের কথা।
“আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক প্রতিবন্ধকতাই পেরিয়ে গেছি। কিন্তু দলের এখনকার পরিবেশ ও আবহ আমার সামর্থ্য মেলে ধরা ও আমার তাড়নাকে পুনরুজ্জীবিত করার উপযোগী নয়।”
ওয়ালশকে বিদায় জানিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক ও সাবেক অলরাউন্ডার জিমি অ্যাডামস জানান, আপাতত ভারপ্রাপ্ত কোনো কোচ এগিয়ে নেবেন মেয়েদের দলকে।
“গত আড়াই বছরে অবদান রাখার জন্য কোর্টনি ও তার টেকনিক্যাল দলের প্রতি আমরা কৃতজ্ঞ। সামনেও তাদের শুভ কামনা জানাই আমরা। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রতিজ্ঞাবদ্ধ এবং এখন আমরা নতুন প্রধান কোচ ও টেকনিক্যাল কমিটি বাছাইয়ে মনোযোগ দেব। এই নিয়োগ প্রক্রিয়ার সময়ে অন্তবর্তীকালীন একটি টেকনিক্যাল টিম দায়িত্ব চালিয়ে নেবে।”