স্টোকসের অবিশ্বাস্য ক্যাচ
প্রশংসায় ভাসছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সীমানায় তার নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান আন্দিলে ফেলুকোয়ায়োর অবিশ্বাস্য ক্যাচ প্রশংসা কুড়িয়েছে সতীর্থ-প্রতিপক্ষ সবার।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৩৫তম ওভারের ঘটনা। আদিল রশিদের প্রথম বলটি ছক্কায় ওড়াতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান ফেলুকোয়ায়ো। ডিপ মিডউইকেটে একটু এগিয়ে ছিলেন স্টোকস। তার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল বল, লাফিয়ে ডান হাতের মুঠোয় জমান দুর্দান্ত এক ক্যাচ।
ধারাভাষ্যে সে সময় ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন। তিনি বলছিলেন, “কোনোভাবেই না, কোনোভাবেই না। তুমি এটা করতে পারো না বেন স্টোকস। এটা অবিশ্বাস্য। এটা সর্বকালের অন্যতম সেরা ক্যাচের একটি।”
ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মর্গ্যান, দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসিসহ, আধুনিক ক্রিকেটের সেরা ফিল্ডার জন্টি রোডসসহ আরও অনেকেই অবিশ্বাস্য ক্যাচের জন্য স্টোকসের প্রশংসা করেন।
