২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করতে হবে, আগের রাতে জানতে পারেন শান্ত

সাকিব আল হাসানের চোটে নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত জানালেন, আগে থেকেই প্রস্তুত ছিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 11:44 PM

Updated : 20 Oct 2023, 01:32 AM

‘গতকাল রাতে’- নাজমুল হাসান শান্তর ছোট্ট উত্তর। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়, ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করার কথা কখন জানতে পেরেছেন তিনি?, ওই দুই শব্দে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।

এই বিষয়ে কৌতূহলের জায়গা অবশ্য বাংলাদেশ দলই রেখে দিয়েছিল। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ঊরুর পেশির চোটের ব্যাপারে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে পরিষ্কার কোনো তথ্য জানায়নি টিম ম্যানেজমেন্ট। তাই বোঝার উপায় ছিল না, ভারতের বিপক্ষে আদৌ সাকিব খেলবেন কি না।

পুনেতে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচের দিন দলের সঙ্গে 'কিটব্যাগ নিয়ে পুরো প্রস্তুত হয়েই' সাকিব মাঠে গিয়েছিলেন বলে জানান অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম। পরে সাকিব ব্যাট হাতে নক করায় জাগে আশার আলোও। কিন্তু টসের সময় রোহিত শার্মার সঙ্গে দেখা যায় শান্তকে।

তাৎক্ষণিকভাবে জানা যায়নি, সাকিবের না খেলা ও শান্তর নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত কখন হয়েছে? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান ষষ্ঠ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করা শান্ত।

অবশ্য সিদ্ধান্ত আগের রাতে হলেও, দলের গুরুদায়িত্ব নেওয়া লাগতে পারে, সেটি আরও আগেই আঁচ করেছিলেন শান্ত। তাই বড় মঞ্চে বড় দায়িত্ব পেয়ে অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়নি বাঁহাতি ব্যাটসম্যানকে। 

“সাকিব ভাইয়ের যেদিন (গত শুক্রবার, নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ) থেকে (চোট) লেগেছে, তখন থেকেই একটা ধারণা ছিল যে, আমার (অধিনায়কত্ব) করতে হতে পারে। তো আমি প্রস্ততই ছিলাম।” 

চোট পাওয়ার পর পাঁচ দিন গেলেও ম্যাচ খেলার মতো পুরোপুরি সেরে উঠতে পারেননি সাকিব। তাই প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন আসে, বাংলাদেশের নিয়মিত অধিনায়কের সবশেষ অবস্থা কী?

“(সাকিব) সুস্থতার পথে আছেন। ভালো অবস্থায় আছেন। আমরা আজকের ম্যাচটায় ঝুঁকি নিতে চাইনি। যেহেতু এরপর আমাদের আরও পাঁচটি ম্যাচ আছে। তো (সাকিব) ভালো অবস্থায় আছেন। উন্নতির দিক দিয়ে অনেকটা ভালো। আশা করছি, সামনে হয়তো খেলবেন।”  

ম্যাচে না থাকলেও, পুরো খেলায় মাঠেই ছিলেন সাকিব। খেলার ফাঁকে ফাঁকে বিভিন্ন পরামর্শও তিনি দিয়েছেন দলকে।

“(নিয়মিত) অধিনায়ক শুরু থেকেই তার পরিকল্পনা, অভিজ্ঞতা শেয়ার করেছেন। যখন ব্যাটিং করছিলাম, তখনও বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন। শুরু থেকেই সবার বিশ্বাসটা ছিল, আজকে ভালো কিছু করা সম্ভব। তো ওই ধরনেরই সমর্থন দিয়ে গেছেন।”