২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডরাঙা ইনিংসে ম্যাচ সেরা রোহিত

অধিনায়কের খুনে ব্যাটিংয়ে ৯০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

রেকর্ডরাঙা ইনিংসে ম্যাচ সেরা রোহিত

৬৩ বলে তিন অঙ্ক ছুঁয়ে ১৩১ রান করেন রোহিত শার্মা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 10:21 PM

Updated : 11 Oct 2023, 10:44 PM

আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া লক্ষ্য খুব যে ছোট ছিল, তা নয়। তবে রান তাড়ায় শুরু থেকে যে ঝড় তুললেন রোহিত শার্মা, তাতে প্রায় পৌনে তিনশ রানের লক্ষ্যটা হয়ে গেল মামুলি। দলকে অনায়াস জয় এনে দেওয়ার পথে বিস্কোরক সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। গড়লেন বেশ কয়েকটি রেকর্ড। জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে তিনশ ছাড়ানো সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৭২ রান করতে পারে আফগানিস্তান। জবাবে রোহিতের খুনে ব্যাটিংয়ে ৯০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

রান তাড়ায় প্রথম তিন ওভার একটু ধীরেসুস্থে খেলেন রোহিত। অবশ্য তৃতীয় ওভার শেষেও তার রান ছিল বলের চেয়ে বেশি। পঞ্চম ওভারে ফাজালহাক ফারুকিকে এক ছক্কা ও দুই চার মেরে ডানা মেলেন রোহিত।

এরপর কেবলই ছুটে চলা। সঙ্গী ইশান কিষানকে দর্শক বানিয়ে ফিফটি পূরণ করেন ৩০ বলে। একটা সময়ে রোহিতের রান যখন ৭১, কিষানের তখন কেবল ১০!

৬৩ বলে তিন অঙ্ক ছুঁয়ে গড়েন বিশ্বকাপে ভারতের ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। পেছনে ফেলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। ওই আসরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংসের পথে কপিল তিন অঙ্ক ছুঁয়েছিলেন ৭২ বলে।

শেষ পর্যন্ত ৮৪ বলে ১৩১ রান করেন রোহিত। দাপুটে এই ইনিংসে ১৬টি চার ও ৫টি চার মারেন তিনি।

ম্যাচজয়ী ইনিংসটি খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার নতুন ইতিহাসও গড়েছেন রোহিত। এদিনের তৃতীয় ছক্কায় তিনি ছাড়িয়ে যান আগের রেকর্ডধারী ক্রিস গেইলকে। প্রায় ২২ বছরের ক্যারিয়ারে ৫৫১ ইনিংসে ৫৫৩ ছক্কার রেকর্ড গড়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট। ৪৭৩ ইনিংসেই তাকে ছাড়িয়ে গেলেন ভারতের তারকা ওপেনার। তার মোট ছক্কা এখন ৫৫৬টি।

আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন এককভাবে তিনি।

এতদিন কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন রোহিত। বিশ্ব মঞ্চে ৪৪ ইনিংসে টেন্ডুলকারের সেঞ্চুরি ৬টি। রোহিতের ৭ সেঞ্চুরি হয়ে গেল স্রেফ ১৯ ইনিংসেই।

রোহিত যখন সাজঘরে ফেরেন, তখন জয় থেকে মাত্র ৬৮ রান দূরে ভারত। শ্রেয়াস আইয়ারকে নিয়ে সহজেই দলকে ঠিকানায় পৌঁছে দেন ভিরাট কোহলি (৫৫*)।