জ্যাম্পার ছোবলে ৮২ রানেই শেষ নিউ জিল্যান্ড
দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের ১১৩ রানে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।
প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে আবারও ধস নামালেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। তাদের তোপ সামলে স্টিভেন স্মিথের ফিফটি ও শেষ তিন ব্যাটসম্যানের নৈপুণ্যে কোনোমতে দুইশর কাছে গেল অস্ট্রেলিয়া। স্বল্প এই পুঁজিই তাদের জন্য যথেষ্ট করে তুললেন অ্যাডাম জ্যাম্পা। এই লেগ স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিউ জিল্যান্ডকে একশ রানও করতে দিল না স্বাগতিকরা!
কেয়ার্নসে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জয় ১১৩ রানে। ১৯৬ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দেয় স্রেফ ৮২ রানে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে নিউ জিল্যান্ডের যা দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। ওয়েলিংটনে ১৯৮২ সালে ৭৪ রানে অলআউট হয়েছিল তারা।
টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ওয়ানডের সিরিজ ঘরে তুলল অ্যারন ফিঞ্চের দল। এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১১০ পয়েন্ট নিয়ে এখন পাঁচ নম্বরে অস্ট্রেলিয়া।
যে মন্থর ও নিচু উইকেটে ভুগলেন দুই দলের ব্যাটসম্যানরা, সেখানেই দৃঢ়তায় দলকে পথ দেখালেন স্মিথ। তিনে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ে খেলেন ১ ছক্কা ও ৫ চারে ৬১ রানের ইনিংস।
স্মিথের বিদায়ের পর অস্ট্রেলিয়ার স্কোর তখন ৮ উইকেটে ১১৭। দেড়শ রানও বহু দূরের পথ। জ্যাম্পা ও জশ হেইজেলউডকে নিয়ে দারুণ দুটি জুটি গড়েন ৯ নম্বরে নামা মিচেল স্টার্ক। এই পেসার খেলেন অপরাজিত ৩৮ রানের ইনিংস। পরে বল হাতে ১২ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা তিনিই।
নিউ জিল্যান্ডের ব্যাটিং ধসিয়ে দেন জ্যাম্পা। ৩৫ রান দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো নেন ৫ উইকেট। তার আগের সেরা ছিল ৩৮ রান দিয়ে ৪ উইকেট।
অসাধারণ বোলিং করেন শন অ্যাবটও। ৫ ওভারের মধ্যে প্রথম চারটিই নেন তিনি মেডেন। এই পেসারের বোলিং ফিগার ৫-৪-১-২!
প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নেওয়া বোল্ট এদিনও নেন চারটি। হেনরির শিকার ৩ উইকেট। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিফলে যায় তাদের এমন দুর্দান্ত বোলিং।
টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া শিবিরে নিজের প্রথম দুই ওভারেই আঘাত হানেন হেনরি। মিড-অফে সহজ ক্যাচ দিয়ে শূন্য রানে বিদায় নেন বাজে সময়ের মধ্যে থাকা ফিঞ্চ। সবশেষ ৭ ওয়ানডেতে অস্ট্রেলিয়া অধিনায়কের এটি তৃতীয় ‘ডাক’।
ঠিক ফিঞ্চের মতোই আউট হন ডেভিড ওয়ার্নার। বোল্টের পরপর দুই ওভারে এলবিডব্লিউ হন মার্নাস লাবুশেন ও মার্কাস স্টয়নিস। দুজনই নেন রিভিউ, লাভ হয়নি।
প্রথম ওয়ানডেতে বিপদে পড়া দলকে জয়ের ভিত গড়ে দেওয়া অ্যালেক্স কেয়ারিও এদিন ব্যর্থ। মিচেল স্যান্টনারকে রিভার্স সুইপ করতে গিয়ে হন স্টাম্পড।
৫৪ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়া একশ পার করে স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের ৪৯ রানের জুটিতে। বিধ্বংসী ম্যাক্সওয়েলকে ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙেন বোল্ট। খানিক বাদে পরপর দুই ওভারে বিদায় নেন অ্যাবট ও স্মিথ।
দলে ফেরা টিম সাউদির শিকার ৮৩ বলে ফিফটি করা স্মিথ। লেংথ বল ফ্লিক করে আকাশে তুলে দিয়ে মিড-অনে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান। অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা দলকে এগিয়ে নেন স্টার্ক ও জ্যাম্পা।
নবম উইকেটে তাদের জুটিতে আসে ৩১ রান। এরপর শেষ উইকেটে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হেইজেলউড ও স্টার্ক। একটি করে ছক্কা-চারে ১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন হেইজেলউড।
প্রতিপক্ষকে অল্পতে থামিয়ে দেওয়ার স্বস্তি নিউ জিল্যান্ডের উবে যায় খুব দ্রুত। অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে রান করার পথই খুঁজে পাচ্ছিল না নিউ জিল্যান্ড। প্রথম ১০ ওভারে স্রেফ ১৪ রান করে তারা ৩ উইকেট হারিয়ে।
প্রথম ওভারেই স্টার্কের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে ফিঞ্চের হাতে ক্যাচ দেন মার্টিন গাপটিল। পরের বলে অল্পের জন্য রান আউট থেকে বেঁচে যান কেন উইলিয়ামসন।
ষষ্ঠ ওয়ানডে খেলতে নামা অ্যাবট নিজের প্রথম ওভারে ফিরিয়ে দেন ডেভন কনওয়ে ও টম ল্যাথামকে। দ্বিতীয় বলে ফাইন লেগে ধরা পড়েন কনওয়ে, পঞ্চম বলে স্লিপে ক্যাচ দেন ল্যাথাম।
মাটি কামড়ে অনেকটা সময় উইকেটে পড়ে থাকেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। কিন্তু জ্যাম্পার নিরীহ ফুলটস বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন ইনিংসের সর্বোচ্চ ১৭ রান করতে ৫৮ বল খেলা উইলিয়ামসন। এই লেগ স্পিনারকে রিভার্স সুইপ করে পরের ওভারে এলবিডব্লিউ হন মিচেলও।
এরপর বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মাঝে। নিউ জিল্যান্ডের শেষ তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন জ্যাম্পা। এক প্রান্ত আগলে রেখে ১৬ রানে অপরাজিত থাকেন স্যান্টনার।
নিউ জিল্যান্ডের ইনিংস ছিল ভীষণ মন্থর। তাদের ১৯৮ বলের ইনিংসে ডট বলের সংখ্যা ১৪৬!
আগামী রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ১৯৫/৯ (ওয়ার্নার ৫, ফিঞ্চ ০, স্মিথ ৬১, লাবুশেন ৫, স্টয়নিস ০, কেয়ারি ১২, ম্যাক্সওয়েল ২৫, অ্যাবট ৭, স্টার্ক ৩৮*, জ্যাম্পা ১৬, হেইজেলউড ২৩*; বোল্ট ১০-২-৩৮-৪, হেনরি ১০-০-৩৩-৩, সাউদি ১০-০-৩৯-১, নিশাম ১০-০-৪১-০, স্যান্টনার ৭-১-২২-১, ব্রেসওয়েল ২-০-২১-০)
নিউ জিল্যান্ড: ৩৩ ওভারে ৮২ (গাপটিল ২, কনওয়ে ৫, উইলিয়ামসন ১৭, ল্যাথাম ০, মিচেল ১০, ব্রেসওয়েল ১২, নিশাম ২, স্যান্টনার ১৬*, সাউদি ২, হেনরি ৫, বোল্ট ৯; স্টার্ক ৭-০-১২-২, হেইজেলউড ৬-২-১১-০, অ্যাবট ৫-৪-১-২, জ্যাম্পা ৯-০-৩৫-৫, স্টয়নিস ৩-০-১৪-১, ম্যাক্সওয়েল ৩-০-৯-০)
ফল: অস্ট্রেলিয়া ১১৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মিচেল স্টার্ক
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া
