রাশিদকে পাওয়ার আশা শেষ আফগানদের
ভারত সিরিজ থেকে ছিটকে গেছেন এই তারকা লেগ স্পিনার।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাশিদ খানকে পাওয়ার যে সামান্য আশা ছিল আফগানিস্তানের, সেটাও শেষ হয়ে গেছে। পুরোপুরি ফিট না থাকায় সিরিজটি থেকে ছিটকে গেছেন দেশটির তারকা এই লেগ স্পিনার। তবে দলের সঙ্গে থাকবেন তিনি।
অনিশ্চয়তা থাকা সত্ত্বেও তিন ম্যাচের সিরিজের দলে রাশিদকে রেখেছিল আফগানিস্তান। নিয়মিত অধিনায়ককে নিয়ে শঙ্কা থাকায় অবশ্য নেতৃত্বের ভার দেওয়া হয় ইব্রাহিম জাদরানকে। মাঠের লড়াই শুরুর আগের দিন সতীর্থকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক।
“সে পুরোপুরি ফিট নয়, তবে দলের সঙ্গে আছে। আশা করছি, প্রত্যাশা অনুযায়ী সে দ্রুত ফিট হয়ে উঠবে। চিকিৎসকের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সিরিজে আমরা তাকে মিস করব।”
“রাশিদ ছাড়া আমরা ভুগব, কারণ তার অভিজ্ঞতা আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। তবে এটা ক্রিকেট এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।”
পিঠের নিচের অংশে অস্ত্রোপচার করাতে হয় রাশিদের। যে কারণে বিগ ব্যাশ ও এসএটোয়েন্টিতেও খেলতে পারছেন না তিনি। গত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার পর আর মাঠে নামেননি ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
রাশিদের অনুপস্থিতিতে ভারত সিরিজে আফগানদের স্পিন বিভাগ সামাল দিতে হবে মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, নুর আহমাদ ও কাইস আহমেদ ও শারাফউদ্দিন আশরাফকে।
দলের সেরা তারকার অভাব অনুভব করলেও ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে আশাবাদী ইব্রাহিম।
“ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলা কঠিন কাজ। তবে তাদের বিপক্ষে ভালো খেলতে এবং নিজেদের সামর্থ্য দেখাতে আমরা এখানে এসেছি। আমাদের দলে বেশ কয়েকজন ভালো টি-টোয়েন্টি খেলোয়াড় আছে, সবাই ভালো ক্রিকেট খেলেছে। তাই আমি নিশ্চিত, তারা ভালো খেলবে। ভারতের বিপক্ষে ভালো একটি সিরিজ খেলব আমরা।”
মোহালিতে তিন ম্যাচের সিরিজটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। পরের দুই ম্যাচ ইন্দোর ও বেঙ্গালুরুতে, আগামী ১৪ ও ১৭ জানুয়ারি।
