২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত চিকিৎসার প্রয়োজনে এয়ার এম্বুলেন্সে মুম্বাইয়ে পান্ত

এয়ার এম্বুলেন্সে দেরাদুন থেকে মুম্বাইয়ে নেওয়া হয়েছে ভারতের কিপার-ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2023, 07:18 PM

Updated : 04 Jan 2023, 07:18 PM

 সড়ক দুর্ঘটনায় আহত রিশাভ পান্তর হাঁটুর ক্ষতিগ্রস্ত দুটি লিগামেন্টের মধ্যে একটির দ্রুত চিকিৎসা প্রয়োজন। তাই দেরাদুন থেকে এয়ার এম্বুলেন্সে করে তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিবৃতি দিয়ে বুধবার বিষয়টি জানিয়েছে। 

মুম্বাইয়ে পান্তের চিকিৎসার তত্ত্বাবধানে থাকবেন ডাঃ দিনশ পারদিওয়ালের। তিনি আগে শচিন টেন্ডুলকার, যুবরাজ সিং, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা এবং অলিম্পিক ক্রীড়াবিদদের সাথে কাজ করেছেন। আন্ধেরির কোকিলাবেন হাসপাতালের আর্থ্রোস্কোপি ও শোল্ডার সার্ভিস বিভাগের স্পোর্টস মেডিসিন কেন্দ্রের প্রধান ও পরিচালক তিনি। 

বাংলাদেশ সফর শেষের কয়েকদিন পরই জাতীয় একাডেমিতে যোগ দিয়ে স্ট্রেংথ ও কন্ডিশনিং নিয়ে কাজ করার কথা ছিল পান্তের। এর আগে মাকে চমকে দিতে পরিবারের কাউকে না জানিয়ে তিনি হুট করে দিল্লি থেকে রুর্কি যাচ্ছিলেন। বিপত্তি বাধে যাত্রা পথে। 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার ভোর রাত সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার শিকার হন এই কিপার-ব্যাটসম্যান। পরে এক চালক ও তার সহাকারীর পান্তকে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে উদ্ধার করেন।

দুর্ঘটনায়  মাথা থেকে পা পর্যন্ত শরীরের নানা জায়গায় আঘাত পান পান্ত। শুরুতে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে তাকে স্থানান্তর করা হয় দেরাদুনের ম্যাক্স হাসপাতালে। 

ভারতীয় বোর্ড পরে বিবৃতিতে জানায়, পান্তের কপালে দুই জায়গায় কেটে গেছে, ডান হাঁটুর একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে। এছাড়াও তিনি আঘাত পেয়েছেন ডান কবজিতে, অ্যাঙ্কেলে, পায়ের অগ্রভাগে। 

উত্তরাখণ্ডের যে দুটি হাসপাতালে পান্তকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের কাজের প্রশংসা করলেও বিসিসিআই নিজেদের তালিকাভুক্ত মেডিকেল টিমের দ্বারা বাকি চিকিৎসা করাটাই বেছে নিয়েছে। যদিও পান্তের চিকিৎসা বীমা তার চিকিৎসার খরচ বহন করছে। আর এয়ার অ্যাম্বুলেন্সের খরচ বহন করছে বোর্ড। 

পান্তের চোট পাওয়া পায়ের এখনও এমআরআই স্ক্যান করা হয়নি। দেরাদুনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ও বিসিসিআই-এর তালিকাভুক্ত চিকিৎসকদের মধ্যে দুই-তিন দফা বৈঠকের পর জরুরি চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়।