২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ সূচি নিয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্বেগ

টানা দুই দিনে দুটি ম্যাচ থাকায় প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে হায়দরাবাদের পুলিশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 04:10 PM

Updated : 20 Aug 2023, 04:10 PM

ওয়ানডে বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু হতে বাকি নেই এক সপ্তাহও। কিন্তু বৈশ্বিক এই টুর্নামেন্টের সূচি নিয়ে সমস্যা এখনও শেষ হচ্ছে না। এবার নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। 

আগামী ৯ ও ১০ অক্টোবর হায়দরবাদে অনুষ্ঠিত হবে নিউ জিল্যান্ড-নেদারল্যান্ডস ও পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, টানা দুই দিনে দুটি ম্যাচ আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া নিয়ে ভাবনায় পড়েছে হায়দরাবাদ পুলিশ এবং বিষয়টি এরই মধ্যে বিসিসিআইকে জানিয়েছেন এইচসিএ।

ক্রিকেটের আরেক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এইচসিএ-এর এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার জানিয়েছে, সূচিতে বদল আনার অনুরোধও নাকি করা হয়েছে।

বিশ্বকাপের সূচি সাধারণত এক বছর বা এর কাছাকাছি সময় বাকি থাকতে দেওয়া হয়। তবে এবার নানা কারণে এমনিতেই অনেক দেরিতে দেওয়া হয়েছে। এরপরও সূচিতে থেকে যায় কিছু ফাঁক-ফোকর। কদিন আগে তাই ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়।

পরিবর্তিত সূচিতে ভারত-পাকিস্তানের ম্যাচ একদিন এগিয়ে ১৪ অক্টোবর নেওয়া হয়। যার প্রভাব পড়ে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের সূচিতে, বদল আনতে হয় সেখানেও। বাবর আজমদের প্রয়োজনীয় বিশ্রাম দিতে লঙ্কানদের বিপক্ষে তাদের ম্যাচটি দুই দিন এগিয়ে এখন হবে ১০ অক্টোবর।

আর এতেই সমস্যায় পড়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। আগামী ২৫ অগাস্ট শুরু হবে টুর্নামেন্টের টিকেট বিক্রি। এই সময়ে এসে সূচি নিয়ে অসুবিধার কথা জানাল তারা।

দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ অক্টোবর ম্যাচ খেলে পরদিন হায়দরাবাদে যাবে শ্রীলঙ্কা। যেখানে দুই দিন পর পাকিস্তানের বিপক্ষে লড়াবে তারা। পাকিস্তান আর নেদারল্যান্ডস হায়দরাবাদেই শুরু করবে তাদের বিশ্বকাপ অভিযান, ৬ অক্টোবর মুখোমুখি হবে তারা।

আর ইংল্যান্ডের বিপক্ষে ৫ অক্টোবর আসরের উদ্বোধনী ম্যাচ খেলে হায়দরাবাদে যাবে নিউ জিল্যান্ড, সেখানে মাঠে নামবে ডাচদের বিপক্ষে।