আগেও কয়েক দফা প্রস্তাব পেয়েছেন হাথুরুসিংহে
২০১৭ সালে বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর এবারের আগেও দফায় দফায় ফেরার প্রস্তাব পেয়েছেন, জানালেন এই শ্রীলঙ্কান।
‘২০১৭ সালে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর বিসিবির তরফ থেকে এবারই কি প্রথম প্রস্তাব পেয়েছিলেন? এক শব্দে চান্দিকা হাথুরুসিংহের উত্তর, ‘না!’ পাল্টা প্রশ্ন, ‘তাহলে দ্বিতীয়বার?’ এবারও তার উত্তর একই, ‘না!’
কতবার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে, তা আর জানা যায়নি। তবে হাথুরুসিংহের কথায়ই পরিষ্কার, বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর গত কয়েক বছরে তাকে ফেরাতে দফায় দফায় প্রস্তাব দেওয়া হয়েছে।
সবশেষ প্রস্তাবে রাজি হয়ে প্রধান কোচ হিসেবে আবার বাংলাদেশে ফিরেছেন হাথুরুসিংহে। নতুন অধ্যায়ে তিনি প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বুধবার দুপুরে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ দিন ক্রিকেটীয় ব্যস্ততা ছিল না খুব বেশি। ঐচ্ছিক অনুশীলন করেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, লিটন দাস, তাইজুল ইসলামরা। দুপুরের মধ্যেই মাঠ ছেড়ে চলে যান তারা।
পরে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে তুলে ধরেন বাংলাদেশের দায়িত্বে তার ফেরার প্রেক্ষাপট।
“(২০১৭ সালে) চলে যাওয়ার পর থেকে আমি নিয়মিতই বাংলাদেশ ক্রিকেট অনুসরণ করেছি। বিভিন্ন সময় ও পরিস্থিতিতে খেলোয়াড়, কর্মকর্তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য সবসময়ই আমার একটি ভালো লাগার জায়গা ছিল। কারণ এটিই ছিল আমার প্রথম আন্তর্জাতিক দায়িত্ব। কোনো একদিন ফেরার ভাবনা তাই আমার মনের কোণে ছিলই। তবে ভাবতে পারিনি যে, এত আগে ফিরে আসব।”
জানুয়ারির শেষ দিন হাথুরুসিংহের ফেরার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিসিবি। সেদিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই হাথুরুসিংহেকে ফেরানোর ব্যাপারে কথাবার্তা বলে এসেছিলেন তারা। এবার হাথুরুসিংহেও বললেন একই কথা।
“(অস্ট্রেলিয়ায়) টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় (বিসিবি) প্রেসিডেন্ট ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে দেখা হয় আমার। আমরা কিছু জিনিস আলোচনা করি এবং আমার তখন মনে হয় ফেরার জন্য এটিই উপযুক্ত সময়। ৫০ ওভারের বিশ্বকাপ এগিয়ে আসছে। যদি নিউ সাউথ ওয়েলসের মৌসুম শেষ হওয়ার অপেক্ষা করতাম, তাহলে হয়তো একটু দেরি হয়ে যেত। তাই বিগ ব্যাশ শেষ হতেই চলে আসার সিদ্ধান্ত নেই।”
২০১৭ সালে হাথুরুসিংহের বিদায়ের সময়টা খুব একটা মসৃণ ছিল না। ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের অবনতির খবর পাওয়া গেছে অনেক। পাশাপাশি বোর্ডের কারও সঙ্গে আলোচনা না করে দক্ষিণ আফ্রিকায় বসেই পদত্যাগপত্র জমা দেন তিনি।
পরে দায়িত্ব ছাড়ার আনুষ্ঠানিকতা শেষ করতে তিনি ঢাকায় ফেরেন। বিসিবি প্রধান ও কয়েকজন পরিচালকের সঙ্গে তার লম্বা আলোচনা হয় সেদিনও। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেটকে আর কিছুই দেওয়ার নেই বলে তাকে জানিয়েছেন হাথুরুসিংহে। সাড়ে ৫ বছর পর প্রশ্নটি উঠছেই, এখন তাহলে তার ফিরে আসার পেছনে প্রেরণা কী!
বোর্ড সভাপতির কথায় না গিয়ে হাথুরুসিংহে তুলে ধরলেন তার অবস্থান।
“আমি শুধু আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারি। আমার মনে হয়, সামনের ২-৩ বছর বাংলাদেশের জন্য পালা-বদলের সময়। কয়েকজন সিনিয়র ক্রিকেটার বাংলাদেশের জন্য দারুণ খেলেছে। তারা দেশের ক্রিকেটের কিংবদন্তি। তাদেরকে অবশ্যই খুব ভালো প্রজন্ম হিসেবে মনে রাখা হবে। অন্য দিকে অনেক ভালো তরুণ ক্রিকেটারও এখন উঠে আসছে। এই ধরনের চ্যালেঞ্জের অংশ হওয়া আমাকে ফেরার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে।”
