এলপিএল অভিষেকে সাকিবের ২ ছক্কায় ২৩ রান ও ১ উইকেট
ডাম্বুলা অরাকে সুপার ওভারে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে সাকিবের দল গল টাইটান্স।
রয়ে-সয়ে শুরুর পর হঠাৎ ঝড় তুললেন সাকিব আল হাসান। তিন বলে মারলেন দুটি ছক্কা ও একটি চার। তবে এরপর আর ইনিংস বড় করতে পারলেন না। পরে বল হাতে হিসেবি বোলিংয়ে আটকে রাখলেন প্রতিপক্ষকে।
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যের দিন ডাম্বুলা অরাকে সুপার ওভারে হারিয়েছে গল টাইটান্স। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রানের পুঁজি গড়ে গল। পরে ৭ উইকেট হারিয়ে একই স্কোরে থামে ডাম্বুলা।
এই ম্যাচ দিয়েই লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেক হলো সাকিবের। নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৪ বলে ২৩ রানের পর বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান খরচায় বাংলাদেশের তারকা অলরাউন্ডারের শিকার ১ উইকেট।
গলের জয়ে সাকিবকেও ছাপিয়ে গেছেন অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাটিংয়ে ২১ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। বল হাতে ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে।
কলম্বোর আর প্রেমাদাসায় টস হেরে ব্যাটিংয়ে নেমে অল্পেই ফেরেন লাসিথ ক্রসপুল। দলকে এগিয়ে নেন শেভন ড্যানিয়েল ও ভানুকা রাজাপাকসা। ২টি করে চার-ছক্কায় ড্যানিয়েল করেন ২৬ বলে ৩৩ রান।
রাজাপাকসা ৩৪ বলে ৪৮ রানের ইনিংস খেলে আউট হলে ত্রয়োদশ ওভারে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। হাত খুলতে কিছুটা সময় নেন তিনি। প্রথম চার বলে নেন চারটি সিঙ্গেল।
পঞ্চদশ ওভারে ধনাঞ্জয়া ডি সিলভার ওপর দিয়ে ঝড় বইয়ে দেন সাকিব। দর্শনীয় ইনসাইড আউট শটে ডিপ এক্সট্রা কাভার দিয়ে মারেন ছক্কা। পরের বল জায়গা করে নিয়ে দারুণ স্লগ সুইপে ডিপ মিড উইকেট দিয়ে নেন আরও ৬ রান।
এরপর মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারি লং অনের দিকে খেলে এক রানের জন্য ছোটেন সাকিব। কিন্তু ফিল্ডারের ব্যর্থতায় পেয়ে যান বাউন্ডারি। ৭ বলে ২০ রানে পৌঁছে যান তিনি।
দারুণ শুরুর পর রানের জন্য কিছুটা ধুঁকতে হয় তাকে। পরের ৬ বল থেকে নেন স্রেফ ৩ রান। দ্রুত রানের খোঁজে শাহনাওয়াজ দাহানির বলে স্কুপ করতে গিয়ে স্টাম্পে বল টেনে আনেন তিনি ।
পরে ফিল্ডিংয়ে নেমে প্রথম দুই ওভারে দুই ওপেনারকে ফেরান কাসুন রাজিথা ও বিশ্ব ফার্নান্দো। পাল্টা আক্রমণে শুরুর চাপ সামাল দেওয়ার পথে হাঁটেন কুসাল পেরেরা।
পঞ্চম ওভারে বোলিংয়ে আনা হয় সাকিবকে। উইকেটের সাহায্য কাজে লাগিয়ে শুরুটা ভালো করেন তিনি। প্রথম তিন বলে আসে স্রেফ ২ রান। চতুর্থ বলে ফিল্ডারের এলেমেলো থ্রোয়ে বল চলে যায় বাউন্ডারিতে। রান জমা হয় সাকিবের নামে।
পাওয়ার প্লে শেষ হওয়ার পর অষ্টম ওভারে ফের আক্রমণে এসে আঁটসাঁট বোলিংয়ে স্রেফ ৪ রান দেন সাকিব।
নিজের তৃতীয় ওভারে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পান তিনি। ত্রয়োদশ ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্প থেকে টার্ন করে বেরিয়ে যাওয়ার মুখে ছুঁয়ে যায় সাদিরা সামারাবিক্রমার ব্যাটের বাইরের কানা। নিখুঁত ক্যাচে বাকি কাজ সারেন টিম সেইফার্ট।
৪ ওভারে ৪৮ রানের সমীকরণে সাকিবকে তার শেষ ওভারের জন্য ডাকেন শানাকা। ওই ওভারের পঞ্চম বলে ম্যাচে নিজের একমাত্র বাউন্ডারি হজম করেন সাকিব। সব মিলিয়ে ওই ওভারে আসে ৯ রান।
ম্যাচের পাল্লা ঝুঁকে পড়ে গলের দিকে। কিন্তু রাজিথা ১৮তম ওভারে ১৪ ও শেষ ওভারে ১৫ রান খরচ করলে টাই হয়ে যায় ম্যাচ।
সুপার ওভারে অবশ্য দারুণ বোলিং করেন রাজিথা। প্রথম ও শেষ বলে বাউন্ডারি হজম করলেও সব মিলিয়ে দেন স্রেফ ৯ রান।
পরে বিনুরা ফার্নান্দোর করা ওভারের প্রথম বলে চার ও পরেরটিতে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন রাজাপাকসা।
