বাবর-রিজওয়ানের জুটিতে পরিবর্তন চান না ওয়াসিম
একই সঙ্গে ভারতের বিপক্ষে উত্তরসূরিদের নির্ভীক ক্রিকেট খেলার পরামর্শ দিলেন কিংবদন্তি এই পেসার।
এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিংয়ে উদ্বোধনী জুটি ডুবে আছে আঁধারে। শোয়েব আখতার থেকে শুরু করে দলটির সাবেক কোচ মিকি আর্থার পর্যন্ত বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের শুরুর জুটিতে পরিবর্তন আনার দাবি তুলেছেন। তবে সেই দলে নেই ওয়াসিম আকরাম। কিংবদন্তি এই পেসারের মতে, টুর্নামেন্টের মাঝপথে উদ্বোধনী জুটির পরিবর্তন মোটেও আদর্শ কিছু হবে না।
এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বাবর ও রিজওয়ানের উদ্বোধনী জুটিতে আসে কেবল ১৫ রান। পরের ম্যাচে শক্তি সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে তাদের শুরুর জুটি থামে ১৩ রানেই। ভারতের বিপক্ষে হারলেও বোলারদের অসাধারণ পারফরম্যান্সে হংকংয়ের বিপক্ষে বড় জয়ে সুপার ফোরে জায়গা করে নেয় পাকিস্তান।
এমনিতে এশিয়া কাপের আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে বাবর ও রিজওয়ানের উদ্বোধনী জুটির ধারাবাহিকতা দুর্দান্ত। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাবর আছেন শীর্ষে। কিপার-ব্যাটসম্যান রিজওয়ানের অবস্থান তিনে। ওপেনিংয়ে একসঙ্গে নেমেই দারুণ সব ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে এই অবস্থান পেয়েছেন তারা।
কিন্তু এশিয়া কাপে শুরুর ম্যাচে উদ্বোধনী জুটির ব্যর্থতার পর বাবরের ওপেন করা নিয়ে বিরক্তি প্রকাশ করেন দেশটির সাবেক গতি তারকা শোয়েব। পরে মিকি আর্থারও শুরুর জুটিতে পরিবর্তন আনার কথা বলেন। বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন আনতে ফখর জামানকে শুরুতে নামানোর পরামর্শও দেন তিনি।
দুবাইয়ে রোববার সুপার ফোরের ম্যাচে আবার ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তার আগে ‘ক্রিকেট পাকিস্তান’ এর সঙ্গে আলাপচারিতায় উদ্বোধনী জুটি নিয়ে নিজের ভাবনা তুলে ধরলেন ওয়াসিম।
“বাবর ও রিজওয়ান গত দেড় বছর ধরে ইনিংস ওপেন করছে। ফখর একজন সহজাত ওপেনার, কিন্তু রিজওয়ান যখন ভালো করতে শুরু করল, ফখর তখন তিন নম্বরে খেলতে শুরু করল। টুর্নামেন্ট চলাকালীন উদ্বোধনী জুটি পরিবর্তন করা আদর্শ নয়।”
দুই ম্যাচেই শুরুর জুটি ভাঙে অধিনায়ক বাবরের বিদায়ে। ভারতের বিপক্ষে তিনি করেন ১০ রান, হংকংয়ের বিপক্ষে ৯। এশিয়া কাপে ধারাভাষ্য দেওয়া ওয়াসিম অবশ্য আশা করছেন, বাবরের ব্যাটে বড় রান এলো বলে।
“প্রতিটি দলই এখন হোমওয়ার্ক করে। যদি বাবরকে দেখেন, সে যদি সিঙ্গেল নিতে না পারে, তাহলে তার রান আসে না। দুর্ভাগ্যবশত, প্রথম দুই ম্যাচেই শুরুতে আউট হয়ে গিয়েছে সে…হয়তো সৃষ্টিকর্তা চায় সে ভারতের বিপক্ষে রান করুক।”
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। একই মাঠে গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে তারা হেরে যায় ৫ উইকেটে। রোহিত শর্মার দলের বিপক্ষে উত্তরসূরিদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে বললেন ৫৬ বছর বয়সী ওয়াসিম। সঙ্গে দিলেন আরও কিছু পরামর্শ।
“একজন পাকিস্তানি হিসেবে আমি চাই পাকিস্তান জিতুক, তবে ভারত জয়ের ধারায় আছে। সম্প্রতি চোটে পড়া জাদেজা ও (হার্দিক) পান্ডিয়া ভারতকে প্রথম ম্যাচ জিতিয়েছে। জাদেজাকে ওপরের দিকে ব্যাটিং পাঠানো হয়েছিল। আমাদের অবশ্যই এই ধরনের ঝুঁকি নিতে হবে। এটা বাধ্যতামূলক নয় যে ব্যাটাররা একই পজিশনে ব্যাট করবে। যদি পাঁচ ওভার বাকি থাকে, আসিফকে (আলি) নামাতেই হবে। পাকিস্তানকে হেরে যাওয়া মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”
