২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ ওভারে ৪২৭ রান করে আর্জেন্টিনার বিশ্ব রেকর্ড

চিলির বিপক্ষে রান পাহাড় গড়ে রেকর্ডের পাতায় ঝড় তুলেছে আর্জেন্টিনার মেয়েরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 01:49 PM

Updated : 14 Oct 2023, 04:02 PM

দুই সদস্য দেশের যে কোনো বিশ ওভারের ম্যাচকে আইসিসি আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পর থেকে নিয়মিত দেখা মিলছে বিস্ময়কর সব ঘটনা, রেকর্ড। এর ধারাবাহিকতায় এবার টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার হয়েছে চারশ রান! 

বুয়েন্স আইরেসে শুক্রবার চিলির মেয়েদের বিপক্ষে ২০ ওভারে স্রেফ ১ উইকেট হারিয়ে ৪২৭ রান করেছে আর্জেন্টিনা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড। 

গত বছরের মার্চে সৌদি আরবের মেয়েদের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান করেছিল বাহরাইন। দেড় বছরের মাথায় সেই রেকর্ড ভেঙে দিল আর্জেন্টিনা। পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৪ রান রয়েছে নেপালের।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশিত স্কোরকার্ড অনুযায়ী, ম্যাচে ৬৪টি নো বল করেছে চিলি। সব মিলিয়ে অতিরিক্ত থেকে দিয়েছে ৭৩ রান। নারী, পুরুষ উভয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটিই বিশ্ব রেকর্ড। 

আর্জেন্টিনার দুই ওপেনারই করেছেন সেঞ্চুরি। লুসিয়া টেলর ৮৪ বলে করেছেন ১৬৯ রান। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আরেক ওপেনার আলবার্তিনা গালান ৮৪ বলে খেলেছেন ১৪৫ রানের ইনিংস। 

দুজনের উদ্বোধনী জুটিতে এসেছে ৩৫০ রান। যে কোনো উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ ২০১৯ সালে ফিলিপিন্সের বিপক্ষে ইন্দোনেশিয়ার দুই ওপেনারের গড়া ২৫৭ রানের জুটি। 

ইনিংসে কোনো ছক্কা মারতে না পারলেও ৫৭টি বাউন্ডারি মেরেছে আর্জেন্টিনার ব্যাটাররা। এক ইনিংসে কোনো দলের এটিই সর্বোচ্চ চারের রেকর্ড। সৌদি আরবের বিপক্ষে বাহরাইন মেরেছিল ৫০টি চার।

এক ওভারে ১৭টি নো বলসহ ৫২ রান দিয়েছেন চিলির ১৫ বছর বয়সী অভিষিক্ত পেসার ফ্লোরেন্সিয়া মার্তিনেস। এক ওভারে এত বেশি রান খরচের নজির নেই আর কোনো।

চার ওভারের স্পেলে ৯২ রান খরচ করেছেন কন্সতান্সা ওইয়ারসে। টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং এটি। একই ম্যাচে এই তালিকার দুই নম্বরে উঠেছে ৩ ওভারে ৮৩ রান দেওয়া এমিলিয়া তোরোর নাম।

চিলিকে ৬৩ রানে অলআউট করে ম্যাচটি ৩৬৪ রানে জিতেছে আর্জেন্টিনা। এটিও বিশ্ব রেকর্ড। তিনশর বেশি রানের ব্যবধানে জয়ের নজির আছে আর মাত্র একটি। মালির বিপক্ষে উগান্ডার ৩০৪ রানের জয়।