১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইমার্জিং টিমস এশিয়া কাপের দলে সৌম‍্য

ছন্দ খুঁজে ফেরা বাঁহাতি ওপেনার পেলেন নিজেকে প্রমাণের সুযোগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 08:03 PM

Updated : 19 Jun 2023, 08:03 PM

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সৌম‍্য সরকার। ঘরোয়া ক্রিকেটে করতে পারছেন না তেমন কিছু। দুয়েকবার ঝলক দেখিয়েই হারিয়ে যাচ্ছেন। তবুও নিজেকে প্রমাণের একটার সুযোগ পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। তাকে রাখা হয়েছে ইমার্জিং টিমস এশিয়া কাপের দলে।

শ্রীলঙ্কায় ১৪ থেকে ২৩ জুলাই অনুষ্ঠিত হবে আট দলের এই টুর্নামেন্ট। এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ খেলবে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে। সেখানে বয়সী কয়েকজন খেলোয়াড়ও খেলতে পারবেন। সেই কোটাতেই জায়গা পেয়েছেন সৌম‍্য, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, জাকির হাসানরা।

গত ঢাকা প্রিমিয়ার লিগ একদমই ভালো কাটেনি সৌম‍্যর। তবে শেষটায় ভালো করেন তিনি, খেলেন ১০২ রানের ইনিংস। সব মিলিয়ে ১২ ম‍্যাচে ১১ ইনিংসে ২৬.৬৩ গড়ে করেন ২৯৩ রান। ওই সেঞ্চুরির বাইরে ফিফটি কেবল একটি।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ জেতা দলের অনেক খেলোয়াড়ই ডাক পেয়েছেন ইমার্জিং দলে। আছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ কয়েকজন ক্রিকেটারও।

৫০ ওভারের ক্রিকেটের এই টুর্নামেন্টে ১৫ সদস‍্যের বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই দারুণ করা জাকির।

‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমানের সঙ্গে আছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের দুই সঙ্গী নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

১৪ জুলাই উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অন‍্য ম‍্যাচে ওমানের বিপক্ষে খেলবে আফগানিস্তান। ১৬ জুলাই ওমান এবং একদিন পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

২১ জুলাই হবে দুটি সেমি-ফাইনাল, একদিন পর ফাইনাল।

বাংলাদেশ ইমার্জিং দল: সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী, মোহাম্মদ নাঈম শেখ।

রিজার্ভ: অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।