২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালুগামাগেদের আর পিৎজা বানাতে হবে না, আশা ইতালি অধিনায়কের

ইতালির বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের ১২ জনকেই জীবিকা ধারনের জন্য নানা কিছু করতে হয়।

কালুগামাগেদের আর পিৎজা বানাতে হবে না, আশা ইতালি অধিনায়কের
জয়ের পর দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছে ইতালি দল। ছবি: ইতালি ক্রিকেট ফেডারেশন ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 12:08 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

কৃশান কালুগামাগে লেগ স্পিনের ঝলক তো ক্রিকেট বিশ্ব কিছুটা দেখে নিল নেপালের বিপক্ষে ম্যাচে। আরেকটি দক্ষতাও তার আছে। তার জীবন চালানো জন্য, এমনকি ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার জন্যও তাকে নির্ভর করতে হয় সেই দক্ষতার ওপর। ইতালিতে তিনি জীবনধারন করেন পিৎজা বানিয়ে। ফুটবলের দেশটির ক্রিকেট বিশ্বকাপে প্রথম জয়ের নায়ক পিৎজা কারিগর এই লেগ স্পিনারই। 

নেপালের বিপক্ষে বৃহস্পতিবার দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হন কালুগামাগে। শ্রীলঙ্কার মারাউইলা শহরের ছেলেটি জীবিকার তাগিদে পাড়ি জমান ইতালিতে। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে নিয়ে এসেছে বিশ্বমঞ্চে। সেখানে তিনি ইতালির প্রথম জয়ের নায়ক।

ম্যাচ-সেরা হয়েছেন বলে আপাতত তিনি আলোচনার কেন্দ্রে। তবে ইতালি দলটির বেশির ভাগ ক্রিকেটারের গল্পটা এমনই। ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়া সেখানে অনেক দূরের পথ এখনও। প্রায় সবাই জীবিকার জন্য নানা পেশায় আছেন। সেটির ফাঁকে হৃদয়ের দাবি মেটাতে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। 

কিন্তু এই একটি-দুটি জয়কে সাফল্যের ধারায় রূপ দিতে, বিশ্বকাপে নিয়মিত খেলতে, ক্রিকেটের পেশাদার জগতে এগিয়ে যেতে হলে তো পেশাদার কাঠামোও লাগবে!

নেপালকে হারানোর পর সেই আশাবাদই ফুটে ফুটল হ্যারি ম্যানেন্টির কণ্ঠে, চোটের কারণে ওয়েইন ম্যাডসেন ছিটকে পড়ার পর যিনি অধিনায়কত্ব পেয়েছেন।।

“আমাদের স্কোয়াডের দিকে যদি তাকান, ১৫ জনের ১২ জনকেই ক্রিকেটের বাইরে কাজ করতে হয়। কৃষ (কালুগামাগে) এখানে ভালো উদাহরণ। মাত্রই বিশ্বকাপে ম্যাচ জিতিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছে সে, কিন্তু দেশে তাকে পিৎজা বানিয়ে জীবনধারন করতে হয় এবং অনুশীলনের পয়সা জোগাড় করতে হয়। আশা করি, আরও দ্রুত যদি নাও হয়, অন্তত কয়েক বছরের মধ্যে ইতালিতে খেলাটা যেন এত বেড়ে ওঠে যে আমরা খেলতে পারি (পুরো সময়)।”

ইতালি ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সঙ্গে ম্যাচের সেরা কালুগামাগে। ছবি: ইতালি ক্রিকেট ফেডারেশন ফেইসবুক।

ইতালি ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সঙ্গে ম্যাচের সেরা কালুগামাগে

ম্যানেন্টির নিজের জন্ম, বেড়ে ওঠা ও ক্রিকেটের পথে এগিয়ে চলা অস্ট্রেলিয়ায়। বিগ ব্যাশসহ অস্ট্রেলিয়াতেই খেলেছেন তিনি নানা সময়ে। এখন তিনি ইতালির ভরসা। এগিয়ে চলার পথে সহায়তা চাইলেন তিনি সংশ্লিষ্ট অন্য সবার।

“আমরা এখন যারা খেলছি, দায়িত্বটি আমাদের ওপর, যেন ম্যাচ জিতে আমরা সুযোগটা তৈরি করতে পারি এবং গোটা দুনিয়াকে দেখাতে পারি যে, আমরা কী করতে পারি। এরপর সেটা নির্ভর করে অন্যদের ওপর, আমাদের ফেডারেশন, আইসিসি ও অন্য দলগুলির ওপর, যেন তারা আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হয়।”

এবারের বিশ্বকাপের ২০ দলের মধ্যে আইসিসি র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দল ইতালি। ১০ ধাপ এগিয়ে থাকা নেপালকে ১০ উইকেটে হারানোর পর ম্যানেন্টি বললেন, পিছিয়ে থাকাটাই তাদের এগিয়ে চলার প্রেরণা।

“এই মুহূর্তে আমাদের র‌্যাঙ্কিং ২৭ (আসলে ২৬)। আশা করি, এই জয়ের পর উন্নতি হবে। তবে আপাতত ২০ দলের আসরে আমরা বিশ্বের ২৭তম দল হয়েও খেলছি। সেই হিসাব যদি করেন, প্রতিবার আমরা মাঠে নামছি আসলে বহিরাগত হিসেবে, প্রতিপক্ষ যে দলই হোক না কেন, তা নেপাল হোক বা স্কটল্যান্ড, কিংবা ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ। আমরা সবসময়ই বাইরের দল। এটাই আমাদেরকে ধাবিত করে এবং আমরা এটা ভালোবাসি।”

ম্যানেন্টির আশা, বিশ্বকাপের এই সাফল্যে ইতালিতে খেলাটির প্রসার হবে আরও, অবকাঠামো গড়ে উঠবে এবং শিশু-কিশোররা আগ্রহী হবে আরও। 

“আমরা অবশ্যই ওপরে উঠতে চাই আরও। তবে এজন্য আমাদের আরও বেশি খেলতে হবে। আমরা চাই, অন্য দলগুলি যেন আমাদেরকে আতিথ্য দেয় এবং দেশেও যেন এমন অবকাঠামো গড়ে তুলতে পারি যে সেই দলগুলিকে আতিথ্য দিতে পারি। দল হিসেবে এটা আমাদের লক্ষ্য। ইতালিতে বিভিন্ন স্কুলে যে বাচ্চারা খেলাটা দেখছে এখন, তারা তখন আমাদেরকে খেলতে দেখবে রোমে বা মিলানে কিংবা বোলোনিয়ায়, যেখানেই হোক, ওরা যেন পথটা দেখতে পায়, হ্যারি মানেন্তি বা আন্তোনি মোস্কা কিংবা কৃষান বা অন্যদেরকে দেখতে পায় বিশ্বকাপে খেলতে।”

স্কটল্যান্ড ও নেপালের সঙ্গে খেলার পর ইতালির বড় দুটি পরীক্ষা সামনে। সোমবার তারা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে, বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। 

যে দলকে তারা হারিয়েছেন, সেই নেপালের কাছ থেকেই প্রেরণা নিয়েই কঠিন চ্যালেঞ্জে তাকাচ্ছেন ম্যানেন্টি। 

“বড় দলগুলির বিপক্ষে যদি ভয় পেয়ে যাই, তাহলে কোনো সুযোগই থাকবে না। আমাদের চেষ্টা করতে হবে চোখে চোখ রেখে কথা বলার। ইংল্যান্ডের বিপক্ষে নেপালের খেলা থেকে কিছু শিখেছি আমরা। তারা পাল্টা জবাব দিয়েছে এবং সত্যি বলতে, ফেভারিট দলকে চাপে রাখতে পারলে ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে, তারা তখন খেই হারায়।”