২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘১৯০ রানের চেষ্টা না করে’ সফল জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বললেন, বড় সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ১৪০ রানে গুটিয়ে যেতে চাননি তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘১৯০ রানের চেষ্টা না করে’ সফল জিম্বাবুয়ে
দলের সঙ্গে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 06:23 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ভালো শুরু পাওয়ার পর অনেক বড় রানের পেছনে ছুটতে চাননি সিকান্দার রাজা। জিম্বাবুয়ে অধিনায়ক বললেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাস্তব সম্মত একটা লক্ষ‍্য ঠিক করে সেভাবে ব‍্যাটিং করে লড়াইয়ের পুঁজি গড়েন তারা। পরে দারুণ বোলিং, ফিল্ডিংয়ে সারেন বাকিটা। 

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার ২৩ রানে জিতেছে জিম্বাবুয়ে। ‘বি’ গ্রুপে উঠে এসেছে দুই নম্বরে। 

১০ ওভার শেষে জিম্বাবুয়ের রান ছিল ১ উইকেটে ৭৯ রান। শেষ পর্যন্ত তারা করে ২ উইকেটে ১৬৯ রান। শেষ ১০ ওভারে ৯০ রান যোগ করায় বড় ভূমিকা রাখেন রাজা নিজেও। অভিজ্ঞ অলরাউন্ডার ১৩ বলে অপরাজিত থাকেন ২৫ রানে।

ম‍্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাজা বললেন, মাঝপথে খেই না হারাতে সাবধানী ছিলেন তারা। 

“১০ ওভারে ৭০ এর বেশি রান এসেছিল, আমি খুব খুশি ছিলাম। আমরা আলোচনা করছিলাম যে, ১৯০ রানের চেষ্টায় যাব না। ১৯০ রানের চেষ্টা করতে গেলে আমরা ১৪০ রানে আউট হতে পারতাম। আমরা দেখেছি শ্রীলঙ্কায় রানের জন‍্য বাড়তি কিছু করতে গেলে আপনি দ্রুত উইকেট হারাতে পারেন।”

“তাই আমরা বেনিকে (ব্রায়ান বেনেট) বার্তা পাঠাই যে, সে ভালো করছে। সে যদি শেষ পর্যন্ত থাকে তো আমরা ভালো একটি সংগ্রহ পাব।”  

ওপেনার বেনেট খেলেন শেষ পর্যন্ত। ৫৬ বলে ৭ চারে অপরাজিত থাকেন ৬৪ রানে। 

পরে দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়াকে ১৪৬ রানে থামিয়ে দেয় জিম্বাবুয়ে। রাজার কাছে এই জয় তাদের জন‍্য অভাবনীয়।

“খুবই খুশি, সবচেয়ে বড় ব‍্যাপার খুব গর্বিত। অনুভূতি একজন ভাইয়ের মতো, যার ছোট ভাইয়েরা এক সঙ্গে অনেক কিছু অর্জন করেছে। দলের সংস্কৃতি, আবহ এবং যে একতা আমরা গড়ে তুলেছি তা অবিশ্বাস‍্য, সবচেয়ে বড় কথা এই জয় অবিশ্বাস‍্য।” 

“ফিল্ডিং ছিল দুর্দান্ত, ক‍্যাচিং ছিল অসাধারণ, বাউন্ডারি থামানো… যেন ছেলেরা সত‍্যিই জিততে চেয়েছিল। আজ উপভোগ করাটা ওদের প্রাপ‍্য। আমরা যদি এই প্রক্রিয়া ধরে রাখতে পারি এবং একবারে একটা ম‍্যাচে মনোযোগ তাহলে ভালো হবে। আমরা ভালো অবস্থায় আছি, তবে এর কোনো অর্থ নেই। তাই পরের ম‍্যাচ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এই জয়ে সুপার এইটে খেলার সম্ভাবনা উজ্জল হল জিম্বাবুয়ের। তবে এখনও পাড়ি দিতে অনেক পথ। সেখানে বড় বাধা হতে পারে চোট। নিজে চোট পেয়েছেন, ব্রেন্ডন টেইলর ছিটকে গেছেন, গ্রায়েম ক্রেমারও চোটে ভুগছেন। সব মিলিয়ে এ নিয়ে দুর্ভাবনায় আছেন রাজা।

“আমার ক্ষেত্রে, এটা স্রেফ ক‍্যাম্প, আশা করি আগামী দুই-তিন দিনের মধ‍্যে ঠিক হয়ে যাবে। আমাদের এখন কেবল ১৩ জন ফিট খেলোয়াড় আছে। আমার এই অবস্থাম ক্রেমারেরও বড় ছোট রয়েছে। আমি নিশ্চিত জিম্বাবুয়ে ক্রিকেট বিকল্প খেলোয়াড় আনবে। কারণ, এই কন্ডিশনে আপনার ১৫ জন খেলোয়াড় প্রয়োজন হবেই।”