২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষের দারুণ বোলিংয়ে ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড

ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি ২৪ রানে জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

শেষের দারুণ বোলিংয়ে ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড
ম্যাচ জিতে ইংল্যান্ডের উল্লাস। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 07:13 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

উইল জ্যাকসের বিস্ফোরক ফিফটি ও বাকিদের অবদানে দুইশ ছাড়ানো পুঁজি পেল ইংল্যান্ড। রান তাড়ায় তাদের বুকে কাঁপুনি ধরিয়ে দিলেন বেন মানেন্তি ও গ্রান্ট স্টুয়ার্ট। তবে শেষ দিকের দারুণ বোলিংয়ে ইতালিকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিল ইংলিশরা।

কলকাতায় সোমবার ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি ২৪ রানে জিতেছে ইংল্যান্ড। তাদের ২০২ রান তাড়ায় ১৭৮ রান পর্যন্ত করতে পেরেছে ইতালি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এনিয়ে ষষ্ঠবার দেখা গেল দুইশ ছোঁয়া সংগ্রহ। টুর্নামেন্টের কোনো আসরে এতবার দেখা যায়নি দুইশ।

ইংল্যান্ডের জয়ের নায়ক জ্যাকস চারটি ছক্কা ও তিনটি চারে ২২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। পরে বল হাতেও অবদান রাখেন তিনি, নেন একটি উইকেট। সর্বোচ্চ তিনটি করে শিকার ধরেন জেমি ওভারটন ও স্যাম কারান।

প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা ইতালিকে উড়িয়ে দেবে শক্তিশালী ইংল্যান্ড, এমন ভাবনা থাকার কথা অনেকের। ইংলিশদের রান আর লক্ষ্য তাড়ায় ইতালির ২২ রান ৩ উইকেট হারানোর পর সেই ভাবনা আরও দৃঢ় হওয়াই স্বাভাবিক। কিন্তু মানেন্তি ও স্টুয়ার্টের ব্যাটে শেষ পর্যন্ত দারুণ লড়াই করে ইউরোপের দলটি।

ছয়টি ছক্কা ও চারটি চার ২৫ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংসে দলকে পথে রাখেন মানেন্তি। জাস্টিন মোসকার সঙ্গে গড়েন ৪৮ বলে ৯২ রানের জুটি। শেষ চার ওভারে যখন ৬৪ রান চাই ইতালির, ঝড় তোলেন স্টুয়ার্ট। সপ্তদশ ওভারে জফ্রা আর্চারকে দুটি ছক্কা মারেন তিনি। পরের ওভারে আদিল রাশিদকে ওড়ান দুই ছক্কায়।

শেষ দুই ওভারে ৩০ রানের সমীকরণ আর মেলাতে পারেনি ইতালি। ১৯তম ওভারে দুর্দান্ত বোলিংয়ে স্রেফ ৫ রান দিয়ে স্টুয়ার্টকে বিদায় করে কারান। পাঁচটি ছক্কা ও দুটি চারে ২৩ বলে ৪৫ রান করেন স্টুয়ার্ট। আর শেষ ওভারে কোনো রান না দিয়েই জোড়া শিকার ধরেন ওভারটন।

ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং নিয়ে ফিল সল্টের ব্যাটে শুরুটা ভালো করে ইংল্যান্ড। প্রথম দুই ওভারে ২১ রান তোলা দলটি তৃতীয় ওভারে হারিয়ে ফেলে জস বাটলার (৩)। পাওয়ার প্লের শেষ ওভারে বিদায় নেন দুটি করে ছক্কা-চারে ২৮ রান করা সল্টও।

ভালো শুরু পেয়ে বড় ইনিংস খেলতে পারেননি জেকব বেথেল, হ্যারি ব্রুক ও টম ব্যান্টন। পরে স্যাম কারানকে নিয়ে দলের একমাত্র ৫৪ রানের জুটি গড়েন জ্যাকস।

পঞ্চদশ ওভারে প্রথম বাউন্ডারির দেখা পান জ্যাকস, মুখোমুখি ষষ্ঠ বলে। পরের ওভারে বেন মানেন্তিকে দুটি ছক্কা ও একটি চার মারেন তিনি। লেগ স্পিনার কৃশান কালুগামাগের ওভারে দুটি ছক্কার মারার পর আউট হয়েন যান কারান। শেষ ওভারে দুটি ছক্কায় দলের রান দুইশ পার করেন জ্যাকস।

২১ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা দ্রুততম। আগের রেকর্ড ছিল ওয়েইন মর্গ্যান ও জস বাটলারের ২৫ বলের ফিফটি।

ইতালির রান তাড়ার শুরুটা হয় ভীষণ বাজে। জফ্রা আর্চারের করা প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলে তারা। ১ রানে ২ উইকেট হারানো দলে চতুর্থ ওভারে আঘাত হানেন ওভারটন।

বিপদে পড়া দলের হাল ধরেন মানেন্তি ও মোসকা। আর্চারের দুই ওভারে পাঁচটি চার মারেন মোসকা। জ্যাকসকে দুই চার হাঁকান মানেন্তি। পরে আদিল রাশিদকে ছক্কায় স্বাগত জানান তিনি।

জ্যাকসকে লং-অন দিয়ে ওড়ানো মানেন্তি পরের ওভারেই কারানকে মারেন টানা দুটি ছক্কা। দ্বাদশ ওভারে জ্যাকসের ওপর ঝড় বইয়ে দেন মানেন্তি। দুটি করে ছক্কা ও চার মারেন এই অফ স্পিনারকে। ওই ওভারের শেষ বলে বিদায় নেন ২২ বলে ফিফটি করা ব্যাটসম্যান।

কিছুক্ষণ পর দুই ওভারে তিন উইকেট হারায় ইতালি। পরে দলের রানের গতিতে দম দেন স্টুয়ার্ট। কিন্তু শেষ পর্যন্ত তিনি ইতালিকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারেননি তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইতালি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ২০২/৭ (সল্ট ২৮, বাটলার ৩, বেথেল ২৩, ব্যান্টন ৩০, ব্রুক ১৪, কারান ২৫, জ্যাকস ৫৩*, ওভারটন ১৫, আর্চার ১*; স্মাটস ৩-০-২৪-১, হাসান ৪-০-৩৭-১, স্টুয়ার্ট ৪-০-৫১-২, কালুগামাগে ৪-০-৪১-২, মানেন্তি ৪-০-৩৭-১, জাসপ্রিত ১-০-১০-০)

ইতালি: ২০ ওভারে ১৭৮ (জাস্টিন মোসকা ৪৩, অ্যান্থনি মোসকা ০, স্মাটস ০, হ্যারি মানেন্তি ১২, বেন মানেন্তি ৬০, স্টুয়ার্ট ৪৫, কাম্পোপিয়ানো ২, মেইডে ০, জাসপ্রিত ১২, কালুগামাগে ০, হাসান ০; আর্চার ৪-০-৩৫-২, ওভারটন ৪-০-১৮-৩, জ্যাকস ২-০-৩৪-১, রাশিদ ৪-০-৪৩-১, ডসন ৩-০-২৫-০, কারান ৩-০-২২-৩)

ফল: ইংল্যান্ড ২৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: উইল জ্যাকস।