Published : 16 Feb 2026, 05:02 PM
ম্যাচের চতুর্থ বলেই দলকে সাফল্য এনে দেন আজমাতউল্লাহ ওমারজাই। পরে ধরেন আরও তিন শিকার। চমৎকার বোলিংয়ের পর ব্যাট হাতেও জ্বলে ওঠেন তিনি। এমন অলরাউন্ড পারফরম্যান্স পরের ম্যাচেও করতে চান আফগানিস্তানের এই ক্রিকেটার।
দিল্লিতে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারায় আফগানিস্তান। এবারের আসরের দলটির প্রথম জয়ের নায়ক ওমারজাই।
পেস বোলিংয়ে চার ওভারে স্রেফ ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে আরও দুইবার চার উইকেটের স্বাদ পেয়েছেন ওমারজাই। তবে বিশ্বকাপে এই প্রথমবার।
পরে ১৬১ রানের লক্ষ্য তাড়ায় দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন ওমারজাই। পাঁচ নম্বরে নেমে তিনটি ছক্কা ও দুটি চারে ২১ বলে ৪০ রান করেন তিনি। তার শেষের ঝড়ে ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।
ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে ওমারজাই। টি-টোয়েন্টি ক্রিকেটে এনিয়ে পঞ্চমবার এই স্বীকৃতি পেলেন তিনি। কিন্তু বিশ্বকাপে প্রথমবার তার হাতে ধরা দিল এই সম্মাননা।
আরব আমিরাতের বিপক্ষে নিজের পারফরম্যান্সে ভীষণ খুশি ওমারজাই। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও এর পুনরাবৃত্তি করতে চান তিনি।
“নিজের পারফরম্যান্সে আমি অনেক খুশি। উইকেট কিছুটা মন্থর ছিল, আম চেষ্টা করেছি ভালো লেংথে বল করতে এবং তাই সাফল্য পেয়েছি।”
“আমি স্রেফ স্কোরবোর্ড দেখছিল। জানতাম যে, অনেক বল বাকি আছে, তাই প্রান্ত বদল করে খেলতে চেয়েছি, সোজা ব্যাটে খেলায় মনোযোগ দিয়েছি এবং বাজে বলের অপেক্ষা করেছি। আর দারভিশের সঙ্গে ব্যাটিংয়ের সময় এই কৌশলই কাজে দিয়েছে। পরের ম্যাচে একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে আশাবাদী।”
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি হবে আফগানিস্তান। চেন্নাইয়ে আগামী বৃহস্পতিবার হবে ম্যাচটি।