‘পাকিস্তান জেতেনি, আমরা হেরেছি’ আক্ষেপ ডাচ পেসারের
পাকিস্তানের বিপক্ষে হারের দায় তাই নিজেদেরই দিলেন ডাচ পেসার পল ফন মিকেরেন।
পুঁজি খুব বড় ছিল না নেদারল্যান্ডসের। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে সেটি নিয়েই জয়ের দারুণ সম্ভাবনা জাগায় তারা। ১৯তম ওভার শুরুর আগে জয়ের পাল্লা ভারি ছিল তাদের দিকেই। কিন্তু একটি ক্যাচ হাতছাড়া বদলে দেয় পুরো দৃশ্যপট। পাকিস্তানের বিপক্ষে হারের দায় তাই নিজেদেরই দিলেন ডাচ পেসার পল ফন মিকেরেন।
১৪৭ রানের পুঁজি চমৎকার বোলিংয়ে পাকিস্তানকে চেপে ধরে নেদারল্যান্ডস। ১১৪ রানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ৭ উইকেট তুলে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে স্মরণীয় এক জয়ের।
কিন্তু শেষ দিকে এসে তাদের সেই আশায় পানি ঢেলে দেন ফাহিম আশরাফ। ৩ ছক্কা ও ২ চারে ১১ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দেন তিনি।
ফাহিমকে অবশ্য ১৯তম ওভারেই ফেরাত পারত নেদারল্যান্ডস। ওই সময়ও জয় থেকে অনেক দূরে ছিল পাকিস্তান, শেষ ১১ বলে তাদের প্রয়োজন ছিল ২৩ রানের। কিন্তু লং-অনে ক্যাচ মুঠোয় জমাতে পারেননি মাক্স ও’ডাউন। আর তখন ম্যাচও ফসকে যায় ডাচদের হাত থেকে।
জীবন পেয়ে ওই ওভারের শেষ চার বলে লগান ফন বিককে দুটি ছক্কা ও একটি চার মেরে ম্যাচের ভাগ্য গড়ে দেন ফাহিম। শেষ দুই ওভারে ২৯ রানের সমীকরণে ওভারটি থেকেই ২৪ রান তুলে ফেলে পাকিস্তান। শেষ ওভারে আরেকটি চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফাহিম।
জয়ের খুব কাছ থেকে ফিরে আসা নেদারল্যান্ডসের ক্রিকেটাররা হতাশায় নুইয়ে পড়েন মাঠেই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিকেরেনের কণ্ঠেও ঝরে আক্ষেপ।
“আমি দল নিয়ে খুবই গর্বিত। যেমন রান চেয়েছিলাম, আমরা হয়তো সেটা তুলতে পারিনি। কিন্তু ব্যাটিংয়ে পাকিস্তানের ভালো শুরুর পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা আমাদের দলে গড়ে তোলা সংস্কৃতি আর কখনো হাল না ছাড়ার মানসিকতাকেই ফুটিয়ে তোলে।”
“এটা স্পষ্ট যে, ক্যাচই ম্যাচ জেতায়। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আজ পাকিস্তান ম্যাচটা জেতেনি—আমরাই হেরেছি। আজ আমরা ছিলাম ভালো দল, বিশেষ করে বোলিং বিভাগে এবং আমাদেরই এই ম্যাচে জয় প্রাপ্য ছিল।”
