অবশেষে বিশ্বকাপে স্মিথকে পেল অস্ট্রেলিয়া
এবারের বিগ ব্যাশে ঝড় তোলা ব্যাটসম্যান জায়গা পেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে।
তিন তিনেক আগেও বিশ্বকাপের ধারেকাছে ছিলেন না স্টিভেন স্মিথ। সেই তাকে সোমবার দেখা যেতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে। বেশ কদিন ধরেই আলোচনায় থাকা অভিজ্ঞ ব্যাটসম্যানকে বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করেছে অস্ট্রেলিয়া।
অধিনায়ক মিচেল মার্শ চোট পাওয়ার পর জরুরি ভিত্তিতে ডাক পেয়ে ‘কাভার হিসেবে’ শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেন স্মিথ। মার্শ এখন সুস্থ হওয়ার পথে। স্মিথ দলে জায়গা পেয়ে গেছেন জশ হেইজেলউডের বদলি হিসেবে।
হেইজেলউড বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন বেশ আগেই। তবে তখন তার কোনো বদলি ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। নির্বাচকরা তখন বলেছিলেন, প্রয়োজন অনুযায়ী বিশ্বকাপের মাঝে দলে নেওয়া হবে কাউকে। শেষ পর্যন্ত পেসারের বদলে ব্যাটসম্যান বেছে নিলেন নির্বাচকরা। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি সোমবার আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে এই বদলির।
২০২৪ সালের ফেব্রুয়ারির পর অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে দেখা যায়নি স্মিথকে। বিশ্বকাপে তিনি সবশেষ খেলেছেন ২০২২ আসরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তার রেকর্ডও খুব সমৃদ্ধ নয়। ৬৭ ম্যাচ খেলে তিনি ১ হাজার ৯৪ রান করেছেন ২৪.৮৬ গড় ও ১২৫.৪৫ স্ট্রাইক রেটে। তার পরও সাম্প্রতিক সময়ে তিনি আলোচনায় আছেন মূলত বিগ ব্যাশের অসাধারণ পারফরম্যান্সে।
অ্যাশেজ শেষে সিডনি সিক্সার্সের হয়ে ৬টি ম্যাচ খেলে ২৯৯ রান করেন তিনি প্রায় ৬০ গড় ও প্রায় ১৬৮ স্ট্রাইক রেটে। এরপর থেকেই আলোচনা ছিল তাকে বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া নিয়ে। কিন্তু তখন তাকে দলে রাখেননি নির্বাচকরা। শেষ পর্যন্ত সুযোগ তিনি পেয়ে গেলেন ভিন্নভাবে।
পাল্লেকেলেতে রোববার দলের সঙ্গে অনুশীলন করেছেন স্মিথ। চোট কাটিয়ে ফেরার পথে এ দিন লম্বা সময় নেট অনুশীলন করেছেন অধিনায়ক মিচেল মার্শ। গত ম্যাচে চোট পাওয়া মার্কাস স্টয়নিসও ফিট হয়ে উঠেছেন। তবে সবাই ফিট হয়ে গেলেও স্মিথকে একাদশে জায়গা দেওয়া নিয়ে প্রবলভাবেই হয়তো ভাববে টিম ম্যানেজমেন্ট। কারণ ব্যাটিং লাইনআপে অনেকের ফর্মও খুব ভালো নয়।
জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের পর সুপার এইটের আশা জিইয়ে রাখতে শ্রীলঙ্কার সঙ্গে জয় খুবই জরুরি অস্ট্রেলিয়ার জন্য।
