২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিজ্ঞাপন বোর্ডে হেলমেট ছুড়ে শাস্তি পেলেন স্কটল্যান্ডের ওপেনার

নেপালের বিপক্ষে আউট হয়ে মাঠ ছাড়ার সময় এই কাণ্ড ঘটান জর্জ মানজি।

বিজ্ঞাপন বোর্ডে হেলমেট ছুড়ে শাস্তি পেলেন স্কটল্যান্ডের ওপেনার
জর্জ মানজি। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 06:11 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে আউট হওয়ার পর, বিজ্ঞাপন বোর্ডে হেলমেট ছুড়ে মারার জন্য শাস্তি পেয়েছেন স্কটল্যান্ডের ওপেনার জর্জ মানজি। তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যানের শাস্তির কথা বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার স্কটল্যান্ডের ইনিংসের দশম ওভারে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যাওয়ার সময় বিজ্ঞাপন বোর্ডে হেলমেট ছুড়ে মারেন মানজি।

নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের দেওয়া শাস্তি মেনে নেন মানজি, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটিতে মানজি করেন ২৯ বলে ২৭ রান। ১৭০ রানের পুঁজি গড়ে ৭ উইকেটে হেরে যায় স্কটল্যান্ড।

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি না হওয়ায়, তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল স্কটল্যান্ডকে। চার ম্যাচে এক জয় ও তিন হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আইসিসির সহযোগী দেশটি।