২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আভিশেকের ফর্ম নিয়ে যারা চিন্তিত, তাদেরকে নিয়েই চিন্তায় সুরিয়াকুমার

টানা তিন ম্যাচে শূন্যতে ফেরা আভিশেক শার্মা পরের ম্যাচগুলিতে জ্বলে উঠবেন বলেই ধারণা ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।

আভিশেকের ফর্ম নিয়ে যারা চিন্তিত, তাদেরকে নিয়েই চিন্তায় সুরিয়াকুমার
আভিশেকের ফর্ম নিয়ে কোনো চিন্তা নেই সুরিয়াকুমারের। ছবি: বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 10:07 AM

Updated : 26 Aug 2026, 03:00 PM

গ্রুপ পর্বের চার ম্যাচের সবকটি জিতেছে ভারত। এই সংস্করণে তারা ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। তার পরও তো চিন্তার জায়গা থাকে। সুপার এইটের লড়াই শুরুর আগে ভারতীয় দল ও অধিনায়কের চিন্তার জায়গা কোনটি? প্রশ্নটি শেষ হতে না হতেই সুরিয়াকুমার ইয়াদাভাবের ঝটপট উত্তর, “কোনো চিন্তা নেই…।” সম্পূরক প্রশ্নও ছুটে গেল, “আভিশেকের ফর্ম বা স্পিনারদের ভালোমতো খেলতে না পারা?” এবার মুখে হাসি নিয়ে ভারতীয় অধিনায়ক যা বললেন, তাতে প্রতিপক্ষ দলগুলির হাসি উধাও হয়ে যেতে পারে।

বিধ্বংসী ইনিংস খেলে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে গত দেড় বছরে আলোচনায় ছিলেন আভিশেক। এখন চলছে উল্টো ধারা। রান না করেও তিনি আছেন আলোচনার কেন্দ্রে। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে শূন্য রানে ফেরা ব্যাটসম্যানকে নিয়ে অনুমিতভাবেই চর্চা হলো সুপার এইট শুরুর আগে ভারতীয় অধিনায়কের সংবাদ সম্মেলনে।

গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা রোববার আহমেদাবাদে মুখোমুখি হবে বিশ্বকাপের সুপার এইটের লড়াইয়ে। সেই ম্যাচের আগে আভিশেকের ফর্ম নিয়ে সুরিয়াকুমার বললেন, মারকুটে ওপেনারের রান করার তীব্র তাড়নায় এখন পুড়তে পারে সামনের প্রতিপক্ষ দলগুলি।

“আভিশেকের ফর্ম… আমার মনে হয়, যে লোকেরা চিন্তিত, তাদেরকে নিয়ে আমি চিন্তা করছি যে, কেন তারা আভিশেকের ফর্ম নিয়ে এত চিন্তা করছে! আমি ওই দলগুলির কথা চিন্তা করছি, যাদের বিপক্ষে সামনে খেলবে ও। এখনও পর্যন্ত রান করতে পারেনি ও। ব্যস, বাকি জবাব তো আপনি জানেনই। ও রান করলে কী হয়, সেটা তো দেখেছেনই!”

যদি শেষ পর্যন্ত জ্বলে উঠতে নাও পারেন আভিশেক, সেখানেও চিন্তার কিছু দেখেন না সুরিয়াকুমার। 

“দলীয় খেলা এটা, এসব কখনও কখনও হয়ে যায় কারও (বাজে ফর্ম)। দলের চাওয়া হলো, ছেলেটি যেন নিজের ধরন অনুযায়ীই খেলে। ও সেভাবেই খেলার চেষ্টা করছে। সেভাবেই যদি হয়ে যায় (রান করতে পারে), তাহলে তো হলোই। যদি করতে না পারে, তাহলে পুষিয়ে দেওয়ার জন্য আমরা আছি না! গত বছর পুরোটা তো আমাদের জন্য পুষিয়ে দিয়েছে ও। এবার ওর জন্য আমরা করব!”

ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে গত বছর ৪০ ইনিংস খেলে ৪১.০৭ গড়ে ১ হাজার ৬০২ রান করেছেন আভিশক, স্ট্রাইক রেট ছিল ২০২.০১। গত বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত এই ব্যাটসম্যান এই বিশ্বকাপের আগ পর্যন্ত করেছেন ৩৭.০৫ গড়ে ও ১৯৪.৭৪ স্ট্রাইক রেটে ১ হাজার ২৯৭ রান। 

বিপুল প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে আসা ব্যাটসম্যান গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই বিদায় নিয়েছেন শূন্য রানে।

অসুস্থতার কারণে এবার গ্রুপ পর্বের একটি ম্যাচে খেলতে পারেননি আভিশেক। সেই ম্যাচে তার পরিবর্তে খেলতে নেমে ৮ বলে ২২ রান করেন সাঞ্জু স্যামসন। ভারতের টপ ও মিডল অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানদের আধিক্য দেখে প্রতিপক্ষ দলগুলি  অফ স্পিনারদে কাজে লাগাচ্ছে বেশ কার্যকরভাবে। সুরিয়াকুমারকে প্রশ্ন করা হলো, এই ম্যাচে ডানহাতি স্যামসনকে খেলানোর ভাবনা আছে কি না।

ভারতীয় অধিনায়ক পাল্টা প্রশ্ন দিলেন, “মানে আপনি বলতে চাইছেন, আভিশকের জায়গায় ওকে (স্যামসন) খেলাব?” প্রশ্নকর্তা এবার বললেন, “হতে পারে তিন নম্বরে…হয়তো…?” এবার অধিনায়কের আবার পাল্টা জিজ্ঞাসা, “মানে, তিলাকের জায়গায় খেলাব?”

এটুকু বলেই সজোরে হেসে ভারতীয় অধিনায়ক বললেন, “ভালোই তো চলছে। পাওয়ার প্লেতে ৪০-৫০ রান হচ্ছে। এটা তো স্বাভাবিক ক্রিকেট! আসলে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আমরা এত ভালো খেলেছি যে প্রত্যাশা বাড়তেই পারে। আমাদেরও নিজেদের কাছে প্রত্যাশা আছে যে, ২২০ রান করব, ২৪০-২৫০ রান তুলব। তবে উইকেট এখানে কিছুটা আলাদা।”

“যে চারটি উইকেটে আমরা খেলেছি এখনও পর্যন্ত, কিছুটা ভিন্ন, কিছুটা চ্যালেঞ্জিং ছিল। আগে অফ স্পিনারদের কাজে লাগাত না, এখন ব্যবহার করছে। সেটির প্রস্তুতি আমরা নিতে শুরু করেছি এবং আশা করি সামলাতে পারব সুপার এইটের পথচলার শুরুতে।”