১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আভিশেককে বিরতি দিতে বললেন শেবাগ

জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আভিশেক শার্মার বদলে সাঞ্জু স্যামসনকে দলে চান ভিরেন্দার শেবাগ।

আভিশেককে বিরতি দিতে বললেন শেবাগ
সময়টা ভালো যাচ্ছে না আভিশেক শার্মার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 01:58 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

হাসছে না আভিশেক শার্মার ব্যাট, পারছেন না দলের প্রত্যাশা পূরণ করতে। তবুও তার ওপর আস্থা হারাচ্ছে না দল। কিন্তু উত্তরসূরির ওপর আর ভরসা রাখতে পারছেন না ভিরেন্দার শেবাগ। তার মতে, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে আভিশেককে বিরতি দিয়ে সাঞ্জু স্যামসনকে খেলানো উচিত। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার বলয় থেকে বেরই হতে পারছে না আভিশেক। বিশ্ব মঞ্চে নিজের অভিষেক আসরে এখন পর্যন্ত চার ম্যাচে খেলে স্রেফ ১৫ রান করতে পেরেছেন তিনি। সেখানে আবার প্রথম তিন ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি বাঁহাতি ওপেনার।

সুপার এইটে নিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হেরে ভারতের সেমি-ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে। বাকি দুই ম্যাচ তো জিততেই হবে তাদের, সঙ্গে অন্য দলের পারফরম্যান্সের ওপরও নির্ভর করতে হতে পারে। 

চেন্নাইয়ে বৃহস্পতিবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। ক্রিজবাজে আলোচনার সময় শেবাগ বললেন, গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজানো উচিত ভারতের।

“আমি যদি সেখানে (টিম ম্যানেজমেন্টে) থাকতাম, আভিশেক শার্মাকে বিরতি দিতাম এবং তার জায়গায় সাঞ্জু স্যামসনকে খেলাতাম। এই ম্যাচটিতেই কেবল এটা করার চেষ্টা করা যায়, কারণ ভারত যদি ম্যাচটি হারে, তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। যেহেতু ম্যাচটা এতই গুরুত্বপূর্ণ, ভারতকে ফর্মের ভিত্তিতে সেরা একাদশ সাজানো উচিত।”

“একাদশ নির্বাচনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে, তবে দলের কৌশল কখনোই খারাপ ছিল না, সমস্যাটা হয়েছে পরিকল্পনা বাস্তবায়নে। এই জায়গায় আরও ভালো হওয়া যায় আর তারা সেখানে উন্নতি করার চেষ্টা করবে। আভিশেক শার্মা কিংবা তিলাক ভার্মা দুজনই ফর্মে নেই, তাই এটা তাদের মাথায় রাখতে হবে।”

আভিশেকের জায়গায় যাকে খেলাতে চাচ্ছেন শেবাগ, সেই সাঞ্জু স্যামসন চলতি বিশ্বকাপে কেবল একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন। আভিশেকের অসুস্থতায় নামিবিয়ার বিপক্ষে একাদশে ফিরে তিন ছক্কা ও এক চারে ৮ বলে ২২ রান করেন স্যামসন।

এই কিপার-ব্যাটসম্যানকে জিম্বাবুয়ের বিপক্ষে ফেরানো নিয়ে চলছে তুমুল আলোচনা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, আসছে ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে স্যামসনকে।

ভারতের টপ অর্ডারের তিন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। জিম্বাবুয়ের বিপক্ষে এই জায়গায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তাতে স্যামসনের ফেরার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে আরও।

স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে ভারতের সাবেক লেগ স্পিনার পিয়ুশ চাওলা বলেন, তারও মনে হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে দেখা যাবে স্যামসনকে। 

“আমার তা-ই মনে হয় (স্যামসন একাদশে ফিরবে)। অন্যথায়, (অনুশীলনে) শুধু ইশানকে কিপিং করতে দেখতাম আমরা। কিন্তু এখন সাঞ্জু কিপিং করছে। পরিষ্কার ইঙ্গিত, সে একাদশে আসতে পারে। শুরুতে তিনজন বাঁহাতি ব্যাটসম্যান, তাই সে ওই ধারা ভাঙতে পারে। সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচকেও বলতে শুনেছি, তারাও এই বদলের কথা ভাবছে।”

“তাই সাঞ্জু স্যামসন সম্ভবত ফিরতে পারে, কারণ নামিবিয়ার বিপক্ষে সে যেভাবে ব্যাটিং করেছে, অবশ্যই এটা ছোট ইনিংস ছিল, তবে তার ইন্টেন্ট ও অ্যাপ্রোচ ভালো ছিল, আর আমরা জানি সাঞ্জু কী করতে পারে। অনেকেই ভাবছে যে আভিশেক সেরা ফর্মে নেই, তাই তার জায়গায় সাঞ্জু আসতে পারে।”

তবে আভিশেককে বাদ দেওয়ার পক্ষে নন চাওলা। তার মতে, রিঙ্কু সিংয়ের জায়গায় স্যামসনকে ফেরানো উচিত ভারতের।

“তবে আমার মনে হয়, গত ১৮ মাসের বেশি সময় ধরে আভিশেক শার্মা যা করেছে, সেটার ভিত্তিতে হলেও তার একাদশে থাকা উচিত, কারণ সে যদি ২৫-৩০ বল খেলতে পারে, প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারে। তাই আভিশেক থাকবে, দুর্ভাগ্যবশত, যাকে সাঞ্জু স্যামসনের জন্য জায়গা ছাড়তে হতে পারে, সে হলো রিঙ্কু সিং।”